দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ছবি: রয়টার্স
বিশ্ববাজারে ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ মোকাবিলার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই শুল্কহার দুই দেশের মধ্যে পূর্বে সম্মত হওয়া ১৫ শতাংশের সর্বোচ্চ সীমার মধ্যেই রাখা হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় দৈনিক ‘দ্য কোরিয়া টাইমস’ এ তথ্য জানিয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর জানায়, দক্ষিণ কোরিয়ার শিল্প পরিকল্পনা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে অগ্রাধিকারমূলক ঋণ সুবিধা এবং বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইউএসটিআর-এর মতে, কোরিয়ার এসব নীতি যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ কমিয়ে দিয়েছে। বিশেষ করে অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং পেট্রোকেমিক্যাল খাতে এটি মার্কিন অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলেছে বলে অভিযোগ করা হয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, “দশকের পর দশক ধরে আমাদের অনেক বাণিজ্যিক অংশীদার এমন শিল্প কৌশল গ্রহণ করেছে যা বাজারকে বিকৃত করে এবং আমেরিকার উৎপাদন ভিত্তিকে দুর্বল করে বাণিজ্য ভারসাম্য তাদের অনুকূলে নিয়ে যায়।”
দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জাপান, তাইওয়ান, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ক্ষেত্রেও বিদ্যমান বাণিজ্য চুক্তি বিবেচনায় রেখে ১৫ শতাংশ সীমার মধ্যে নতুন শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, চীনের ক্ষেত্রে এই সীমা ২০ শতাংশ নির্ধারণের প্রস্তাব রয়েছে।
দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাণিজ্য ঘাটতি কমানো এবং দেশীয় উৎপাদন ও বিদেশি বিনিয়োগ বাড়াতে ট্রাম্প প্রশাসন তাদের শুল্ক নীতি আরও জোরদার করছে। প্রস্তাবিত এই শুল্কের বিষয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত লিখিত মতামত গ্রহণ করবে ইউএসটিআর এবং ২৫ জানুয়ারি থেকে এ বিষয়ে গণশুনানি শুরু হবে।



