মিয়ানমার দোষী সাব্যস্ত, এই রায়ের অর্থ কী?

আইসিজের রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখার জন্য জড়ো হওয়া রোহিঙ্গা শরণার্থীরা— রয়টার্স
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। প্রায় সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর বৃহস্পতিবার দেওয়া এই রায় শুধু রোহিঙ্গাদের দীর্ঘদিনের বঞ্চনা ও নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি নয়, রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায়বদ্ধতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও একটি ঐতিহাসিক ঘটনা। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি গণহত্যা সংঘটনের দায় প্রতিষ্ঠা করলেন আইসিজের বিচারকেরা।
তবে এই রায়ের মধ্য দিয়ে কি রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরে পাওয়ার পথ খুলবে? তারা কি নিরাপদে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন? আর মিয়ানমারকে কীভাবে এই রায় মানতে বাধ্য করা হবে?
সাত বছরের লড়াইয়ে গণহত্যার দায় প্রতিষ্ঠা
রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের ইতিহাস কয়েক দশকের। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে কার্যত নাগরিকত্বহীন হয়ে পড়েন এই জনগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষ। চলাফেরা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকার ক্ষেত্রেও তাদের ওপর আরোপ করা হয় নানা বিধিনিষেধ।
২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান সেই নিপীড়নকে ভয়াবহ রূপ দেয়। হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। জাতিসংঘের তদন্তেও সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার আলামত পাওয়া যায়।
এই ঘটনার বিচার চেয়ে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ৫৭ সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনও ছিল দেশটির সঙ্গে। ২০২০ সালের জানুয়ারিতে আদালত রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ২০২২ সালে মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে মামলার বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। ২০২৬ সালের জানুয়ারিতে মূল মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবারের রায়ে আদালত বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম নির্যাতন করেছে। পরিকল্পিতভাবে গ্রাম ধ্বংস, রোহিঙ্গাদের শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং তাদের জন্মরোধের উদ্দেশ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। রোহিঙ্গাদের অমানবিক ও বিপজ্জনক জনগোষ্ঠী হিসেবে উপস্থাপন করে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার পক্ষে রায় দেন। রায়টি চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
রায় বাস্তবায়নের দায়িত্ব কার?
এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, আদালত শুধু অতীতের অপরাধের দায় নির্ধারণ করেই থামেননি। ভবিষ্যতে এমন অপরাধ ঠেকানো এবং ক্ষতিগ্রস্তদের অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্বও মিয়ানমারের ওপর দিয়েছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, মিয়ানমারকে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত করতে হবে, দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধ যাতে না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করা, হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং আহতদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে।
ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়ে আগামী দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে। অর্থাৎ, ২০২৮ সালের নভেম্বরে এই প্রতিবেদন দেওয়ার সময়সীমা শেষ হবে।
তবে এখানেই রয়েছে বড় সীমাবদ্ধতা। আইসিজের রায় আইনগতভাবে বাধ্যতামূলক হলেও নিজস্বভাবে তা বাস্তবায়ন করার মতো কোনো নির্বাহী বা পুলিশি ক্ষমতা আদালতের নেই। মিয়ানমার নির্দেশনা না মানলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। কিন্তু সেখানে চীন ও রাশিয়ার মতো মিয়ানমারের ঘনিষ্ঠ দেশগুলোর ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। ফলে রায় বাস্তবায়নে রাজনৈতিক বাধা তৈরি হতে পারে। নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) ইমদাদুল ইসলামও মনে করেন, রায় কার্যকর করতে নিরাপত্তা পরিষদের সহযোগিতা প্রয়োজন হবে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, এই রায়কে এখন বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে। তার ভাষায়, রোহিঙ্গাদের ওপর চালানো দুর্ভোগ, অপমান ও নির্যাতন মানবতার বিবেকের ওপর একটি কলঙ্ক। তিনি ক্ষতিপূরণ ও পুনর্বাসন কর্মসূচিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানিয়েছেন।
সু চি ও মিন অং হ্লাইংয়ের দায় কতটা?
এই রায় মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি এবং বর্তমান সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।
২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর অভিযান চলার সময় সু চি ছিলেন মিয়ানমারের বেসামরিক সরকারের প্রধান। সেনাবাহিনীর ওপর তার নিয়ন্ত্রণ সীমিত ছিল। কিন্তু তিনি সেনাবাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা না করে বরং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘ভুল তথ্যে ভরা’ বলে আখ্যা দিয়েছিলেন। ২০১৯ সালে হেগে গিয়ে মিয়ানমারের পক্ষে আইনি লড়াইয়েও নেতৃত্ব দেন তিনি।
অন্যদিকে, ওই অভিযানের সময় সেনাপ্রধান ছিলেন মিন অং হ্লাইং। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে উৎখাত করে তিনি ক্ষমতা দখল করেন। বর্তমানে তার নেতৃত্বাধীন সামরিক বাহিনী এবং রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করেছে।
তবে একটি বিষয় স্পষ্ট করা জরুরি। আইসিজের এই রায় মিয়ানমার রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠা করেছে। সু চি বা মিন অং হ্লাইংয়ের ব্যক্তিগত ফৌজদারি অপরাধের দায় নির্ধারণ করেনি। ব্যক্তিগত দায় প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বা জাতীয় আদালতে পৃথক বিচারপ্রক্রিয়া প্রয়োজন।
রোহিঙ্গারা কি এবার বাড়ি ফিরতে পারবে?
রোহিঙ্গাদের কাছে এই রায়ের সবচেয়ে বড় প্রত্যাশা নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার। কিন্তু আইনি স্বীকৃতি পেলেই যে প্রত্যাবাসনের পথ খুলে যাবে, বাস্তবতা তেমন নয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনো সংঘাত চলছে। সেনাবাহিনীর পাশাপাশি আরাকান আর্মির নিয়ন্ত্রণ ও তৎপরতাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিভিন্ন পক্ষের বিরুদ্ধে বেসামরিক মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। ফলে রোহিঙ্গারা ফিরে গেলেও তাদের নিরাপত্তা, নাগরিক অধিকার ও জীবিকার নিশ্চয়তা কীভাবে দেওয়া হবে, তা বড় প্রশ্ন।
এ ছাড়া আদালত রোহিঙ্গাদের সুরক্ষা এবং নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিলেও সবাইকে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নাগরিকত্ব দেওয়ার আদেশ দেননি। অর্থাৎ নাগরিকত্ব ফিরে পাওয়া এবং প্রত্যাবাসনের বাস্তব প্রক্রিয়ার জন্য মিয়ানমারকে আরও পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান মনে করেন, এই রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে। একই সঙ্গে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর ওপর নৈতিক চাপ তৈরি করবে।
তবে নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) ইমদাদুল ইসলাম মনে করেন, গাম্বিয়ার মামলার সঙ্গে প্রত্যাবাসনের সরাসরি সম্পর্ক নেই। মামলাটির মূল বিষয় ছিল গণহত্যা সংঘটিত হয়েছে কি না এবং তা প্রতিরোধে মিয়ানমার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল কি না, তা নির্ধারণ করা। ফলে রায়কে প্রত্যাবাসনের নিশ্চয়তা হিসেবে দেখার সুযোগ নেই।
আন্তর্জাতিক বিচারব্যবস্থায় নতুন দৃষ্টান্ত
এই রায়ের প্রভাব শুধু মিয়ানমার ও রোহিঙ্গাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। গণহত্যার অভিযোগে রাষ্ট্রের দায় প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি আন্তর্জাতিক বিচারব্যবস্থায় নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় গণহত্যার ঘটনায় ২০০৭ সালে আইসিজে সার্বিয়াকে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হওয়ার দায়ে দোষী সাব্যস্ত করেছিল। কিন্তু রাষ্ট্র হিসেবে সরাসরি গণহত্যা সংঘটনের দায় প্রতিষ্ঠা করেনি। এবার মিয়ানমারের ক্ষেত্রে আদালত সেই সিদ্ধান্তে পৌঁছেছেন।
ফলে দক্ষিণ আফ্রিকার করা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাটিও নতুন করে আলোচনায় আসতে পারে। যদিও দুটি মামলার তথ্য-প্রমাণ ও আইনি পরিস্থিতি আলাদা, মিয়ানমারের রায় গণহত্যার উদ্দেশ্য প্রমাণ এবং রাষ্ট্রের দায় নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইনি নজির হিসেবে বিবেচিত হবে।
সব মিলিয়ে, রোহিঙ্গাদের জন্য এই রায় দীর্ঘদিনের নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে একটি ঐতিহাসিক আইনি স্বীকৃতি। বিশ্বের সর্বোচ্চ আদালত তাদের ওপর সংঘটিত অপরাধকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও নিজ দেশে ফেরার অধিকার এখনো বাস্তবায়িত হয়নি।
এখন সবচেয়ে বড় পরীক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের। তারা এই রায়কে কেবল স্বাগত জানিয়ে থেমে থাকবে, নাকি মিয়ানমারকে নির্দেশনা মানতে বাধ্য করতে কার্যকর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করবে? কারণ রোহিঙ্গাদের কাছে বিচারের এই স্বীকৃতি যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় প্রশ্ন এখনো অমীমাংসিত—তারা কবে নিরাপদে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন?
তথ্যসূত্র: আলজাজিরা, বিবিসি, সিএনএন, রোহিঙ্গা রিসার্চ ফাউন্ডেশন, জাতিসংঘ এবং আইসিজের রায়









