শেয়ারবাজারে বড় দরপতনের সংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেললেন উপস্থাপক

সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ার এক টেলিভিশন সংবাদ উপস্থাপিকা শেয়ারবাজারের বড় দরপতন নিয়ে সরাসরি সম্প্রচারে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় দর্শকরা বিস্মিত হন। সম্প্রচারের সময় কান্না সামলাতে গিয়ে তাকে কথা বলতে বেশ বেগ পেতে দেখা যায়।
সিউল ইকোনমিক টিভির ‘কিম আহ-হিউনের গোল্ডেন স্টক’ অনুষ্ঠান উপস্থাপনা করেন কিম আহ-হিউন। ২৫ নভেম্বরের সম্প্রচারে সর্বশেষ শেয়ারবাজার পরিস্থিতি বিশ্লেষণের সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। শেয়ারবাজারে বড় ধরনের লোকসানের কথা তুলে ধরার পাশাপাশি নাসডাক সূচকে আরও দরপতনের আশঙ্কার কথা জানান তিনি। একপর্যায়ে তার কণ্ঠস্বর কেঁপে ওঠে এবং কথা থামিয়ে দেন। দেখে মনে হচ্ছিল, অনুষ্ঠান চালিয়ে যেতে তার কষ্ট হচ্ছে।
ক্যামেরায় ধরা পড়ে, চোখ বন্ধ করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন কিম। এরপর আবার অনুষ্ঠান চালিয়ে যান তিনি। সম্প্রচারের ওই অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে কিম দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক কোস্পির (কেওএসপিআই) বড় দরপতন এবং স্যামসাং ইলেকট্রনিকসসহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের লোকসান নিয়ে আলোচনা করেন। নাসডাক সূচকে আরও দরপতনের আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার সতর্কবার্তা ছিল, বিনিয়োগকারীদের সামনে কঠিন সময় আসতে পারে।
বাজার পরিস্থিতি হতাশাজনক হলেও দর্শকদের, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের, আশা না হারানোর এবং বাজারের অস্থিরতার মধ্যে ধৈর্য ধরার আহ্বান জানান উপস্থাপক।
তার আবেগাপ্লুত হয়ে পড়ার ঘটনায় অনলাইনে ব্যক্তিগত বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে কিম নিজে আলোচনায় থাকা শেয়ার বা আর্থিক পণ্যে বিনিয়োগ করেছিলেন— এমন কোনো নিশ্চিত তথ্য নেই। ঠিক কী কারণে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন, তা-ও জানা যায়নি।
শেয়ারবাজারে অস্থিরতার কারণ
বিশ্ব জুড়ে শেয়ারবাজারে অস্থিরতা বেড়ে যাওয়ার মধ্যে কিমের আবেগাপ্লুত হওয়ার ঘটনাটি ঘটে। এ সময় দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বিশেষভাবে বড় দরপতন দেখা যায়।
২৫ নভেম্বর কোস্পি সূচক ৪ হাজার ৬৯৭ দশমিক ৫১ পয়েন্টে নেমে আসে। প্রায় ১০ মাসের মধ্যে এটিই ছিল সূচকটির সর্বনিম্ন অবস্থান বলে জানা গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের উত্থানকে কেন্দ্র করে শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে বড় ধরনের দরবৃদ্ধি চলছিল। এতে স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের মতো বড় সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছিল।
হঠাৎ দরপতনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কারণ, বাজারের ঊর্ধ্বগতির সময় তাদের অনেকেই প্রযুক্তি খাতের শেয়ারে বিনিয়োগ বাড়িয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের ওঠানামা দেখা যায়। নাসডাক কম্পোজিট সূচক চাপের মুখে পড়ে। লেনদেনের একপর্যায়ে সূচকটি ৪ শতাংশের বেশি কমে যায়। পরে অবশ্য সেই লোকসানের কিছুটা পুষিয়ে নেয়।
সূত্র: এনডিটিভি



