দক্ষিণ কোরিয়া
৬ দিনের বেতনে সপ্তাহে ৫ দিন কাজ করবেন বুসান সাবওয়ে পরিচ্ছন্নতাকর্মীরা

ছবি: দ্য কোরিয়া টাইমস
দক্ষিণ কোরিয়ার বুসান মেট্রোর ইতিহাসে প্রথমবারের মতো সাবওয়ে পরিচ্ছন্নতাকর্মীদের সাপ্তাহিক কর্মঘণ্টা কমানো হয়েছে। আগে সপ্তাহে ৬ দিন ৪৫ ঘণ্টা কাজ করতে হলেও গত আগস্ট থেকে তা কমিয়ে ৫ দিন ৪০ ঘণ্টা করা হয়েছে। বেতন না কমিয়েই এই পরিবর্তন আনায় কর্মীদের জীবনে স্বস্তি ফিরেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দৈনিক ‘দ্য কোরিয়া টাইমস’ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বুসান ট্রান্সপোর্টেশন অপারেশন অ্যান্ড সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বুসানের ১০৯টি সাবওয়ে স্টেশনে আধুনিক 'ওয়েট ভ্যাকুয়াম ক্লিনার' যুক্ত করায় এই পরিবর্তন সম্ভব হয়েছে। এর ফলে রাতের শিফটের কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৩২ জন নৈশকালীন কর্মীকে দিনের শিফটে স্থানান্তর করা হয়েছে।
কর্মীদের মতে, সপ্তাহে এক দিন অতিরিক্ত ছুটি পাওয়ায় এখন তারা পরিবারের সাথে সময় কাটাতে পারছেন। দেওকচেওন স্টেশনের ৫৯ বছর বয়সী পরিচ্ছন্নতাকর্মী লি হ্যাং-সুক জানান, গত তিন বছরের চাকরিজীবনে এই প্রথম তিনি পরিবার নিয়ে দুই দিনের ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন। ইউনিয়নের এক জরিপেও দেখা গেছে, ৮৫ শতাংশ কর্মী নতুন এই কর্মঘণ্টা নিয়ে সন্তুষ্ট।
তবে এই স্বস্তির পাশাপাশি জনবল সংকটের কারণে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। শ্রমিক ইউনিয়ন ১৯২ জন নতুন কর্মী নিয়োগের দাবি জানালেও কর্তৃপক্ষ মাত্র ৫১ জন নিয়োগ দিয়েছে। ফলে ছুটিতে থাকা সহকর্মীদের কাজগুলো উপস্থিত কর্মীদেরই সামলাতে হচ্ছে।
বুসান সাবওয়ে ইউনিয়নের শাখা প্রধান হিও মিয়ং-শিন অভিযোগ করেন, একজন কর্মীকে দুই বা তিনজনের কাজ একা করতে হচ্ছে। অতিরিক্ত কাজের চাপে কর্মীদের ক্লান্তি বাড়ছে এবং পা মচকে যাওয়া বা পিছলে পড়ে যাওয়ার মতো ছোটখাটো দুর্ঘটনার হারও বেড়েছে। এ ছাড়া ভবিষ্যতে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কর্মী ছাঁটাই করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ইউনিয়ন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় প্রতিটি স্টেশনের কাজের চাপের তথ্য সংগ্রহ করা হচ্ছে, যার ওপর ভিত্তি করে ভবিষ্যতে জনবল ও যন্ত্রপাতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।



