ফিলিপাইনে হাইস্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২

স্কুলটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। পরে গুলিবর্ষণকারী নিজেকেও গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
মঙ্গলবার স্থানীয় ডিজেডএমএম রেডিওকে শহরের মেয়র খাইমার আদান ওলাসো বলেছেন, জাম্বোয়াঙ্গার আতেনেও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত একটি স্কুলে এই গুলিবর্ষণ হয়েছে।
তিনি জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী প্রথমে এক শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায়। ওই শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা স্পষ্ট নয়। এরপর সে এক সহপাঠীকে গুলি করে। ওই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। পরে হামলাকারী নিজেকেও গুলি করে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এরনাল্ড আন্দাল জানিয়েছেন, সেখানে এখন আর কোনো সক্রিয় হামলাকারী নেই। নতুন করে কেউ হতাহতও হয়নি।
তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছি।’
ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে একটি শ্রেণিকক্ষে গুলি চালিয়েছে বলে জানা গেছে।
এর আগে জুনে ফিলিপাইনের তাকলোবান শহরের একটি সরকারি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনা ঘটেছিল। দুই শিক্ষার্থী সেখানে গুলি চালালে অন্তত তিন শিক্ষার্থী নিহত এবং প্রায় ২০ জন আহত হন।
এর ১০ দিনেরও কম সময় আগে থাইল্যান্ডেও একটি স্কুলে গুলির ঘটনা ঘটে। রাজধানী ব্যাংককের উপকণ্ঠের ওই ঘটনায় এক শিক্ষার্থী গুলিবর্ষণ চালায়।
সূত্র : আলজাজিরা







