জেন-জি আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের ৫০ লাখ রুপি ঋণ নেপালের

গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালে জেন-জি আন্দোলন সংঘটিত হয়।
নেপালে গত বছরের জেন-জি আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের স্ব-কর্মসংস্থানমূলক ব্যবসায় সহায়তা দিতে সর্বোচ্চ ৫০ লাখ নেপালি রুপি পর্যন্ত সহজ শর্তের ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশটির অর্থ মন্ত্রণালয় ‘প্রসিডিওরস অন ইন্টারেস্ট সাবসিডি ফর কনসেশনাল লোনস (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট), ২০২৬’ সংশোধন করে নতুন ঋণ সুবিধা যুক্ত করেছে।
সংশোধিত ব্যবস্থায় জেন-জি আন্দোলনে শহীদ ও আহতদের জন্য স্ব-কর্মসংস্থানভিত্তিক উদ্যোগে ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, জেন-জি আন্দোলনে শহীদ বা আহতদের সরকার কিংবা প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্যয়ন করা পরিবার ও সংশ্লিষ্টরা এই সুবিধার আওতায় আসবেন। শহীদদের পরিবারের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা ও মাকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা হবে।
এই ঋণ কৃষি ও পশুপালন, ক্ষুদ্র ও কুটিরশিল্প, সেবামূলক ব্যবসা, তথ্য প্রযুক্তিনির্ভর ব্যবসা, পর্যটন, উৎপাদনমুখী শিল্প, স্টার্টআপসহ সরকার নির্ধারিত অন্যান্য কর্মসংস্থানমুখী উদ্যোগে ব্যবহার করা যাবে। সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো জেন-জি আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের স্ব-কর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।
গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালে জেন-জি আন্দোলন সংঘটিত হয়। ওই আন্দোলনে শহীদ ও আহতদের জন্যই নতুন এই ঋণ সুবিধা চালু করা হয়েছে।






