উপকূলের কাছ থেকে ৪০ ইরানি নাবিককে উদ্ধার করে ফেরত পাঠাল শ্রীলঙ্কা

ছবি: রয়টার্স
শ্রীলঙ্কার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ১৯টি বাণিজ্যিক জাহাজ থেকে ৪০ জন ইরানি নাবিককে উদ্ধার করেছে দেশটি। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য।
মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো জানান, নাবিকদের দেশটির দক্ষিণ উপকূলের গল বন্দরে নিয়ে আসা হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। পরে রবিবার সকালে তাদের ইরানে ফেরত পাঠানো হয়।
ইরানের দূতাবাস কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সহায়তা চেয়েছিল। রদ্রিগো জানান, নাবিকেরা কয়েকটি জরুরি চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন। তবে কী কারণে তাদের উদ্ধার করতে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।
বিবিসি সিংহলাকে রদ্রিগো বললেন, ‘এর অর্থ এই নয় যে আমরা ওই জাহাজগুলোকে সহায়তা দেব। বিপদসংকেত পাওয়ার পর সাড়া দেওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রচলিত রীতি।’
তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক আইন ও মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে বাধ্য শ্রীলঙ্কা। এ উদ্ধার অভিযানে স্থানীয় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি সংস্থা যুক্ত ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধার হওয়া নাবিকেরা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী ট্যাংকারে ছিলেন।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অংশ হিসেবে দেশটির জাহাজ চলাচলে অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন।
উদ্ধার অভিযানের বিষয়ে সরাসরি অবগত শ্রীলঙ্কার সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মানবিক সহায়তা কার্যক্রমে সাধারণত দেশটির নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী সহযোগিতা করে।
চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার ইরানি নাবিকদের উদ্ধার করল শ্রীলঙ্কা। এর আগে ৪ মার্চ যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবে যাওয়ার পর কয়েক ডজন নাবিককে উদ্ধার করেছিল দেশটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় নিহত ৮০ জনের বেশি নাবিকের মরদেহ মার্চের মাঝামাঝি সময়ে ইরানে পাঠানো হয়। ডুবে যাওয়া জাহাজটির ৩২ জন জীবিত নাবিক এবং অন্য একটি জাহাজের ২০৮ জন ক্রুকে এপ্রিলে ইরানে ফেরত পাঠানো হয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অচলাবস্থা নিরসনের প্রচেষ্টায় এখনো কেন্দ্রীয় বিষয় হয়ে রয়েছে এই অবরোধ।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সেমিনারে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেছেন, ইরান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের জানিয়েছে, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে তেহরান হরমুজ প্রণালি আবার খুলে দিতে প্রস্তুত।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরানের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট



