বৈঠক এখনো হয়নি, তবু কূটনৈতিক ‘সাফল্যের মুকুট’ পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেনজেনে এপেক ইকোনমিক লিডার্স মিটিং উপলক্ষে আয়োজিত স্বাগত ভোজসভায়— রয়টার্স
বৈঠক এখনো অনুষ্ঠিতই হয়নি, কিন্তু তার আগেই যেন কূটনৈতিক মঞ্চে জয় পেয়ে গেছে ক্রেমলিন। বৃহস্পতিবার ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্ভাব্য সংক্ষিপ্ত ত্রিপক্ষীয় বৈঠককে ঘিরে তৈরি হয়েছে এমনই মূল্যায়ন।
বিশ্বের তিন প্রভাবশালী নেতাকে একই মঞ্চে আনার সম্ভাবনাই মস্কোর জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে কী আলোচনা হবে, কিংবা তা আদৌ কতটা ফলপ্রসূ হবে, তা এখনো অনিশ্চিত। তবে এর মধ্যেই আন্তর্জাতিক রাজনীতিতে পুতিনের অবস্থান ও ক্রেমলিনের কূটনৈতিক গুরুত্ব নতুন করে আলোচনায়।
ফিরে দেখা যাক ২০২২ সালের দিকে। ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর রুশ প্রেসিডেন্ট পুতিন আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়েছিলেন। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নেতারা রাশিয়া ও পুতিনকে বিচ্ছিন্ন করার ব্যাপারে ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ।
২০২৬ সালে এসে পরিস্থিতি বদলে গেছে। শেনজেনে ঐতিহাসিক বৈঠকের আয়োজন করতে পেরেছেন ভ্লাদিমির পুতিন। ইতিহাসে প্রথমবারের মতো চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতারা একসঙ্গে বসে আলোচনা করবেন।
এতে পুতিন পৌঁছেছেন ঠিক সেই জায়গায়, যেখানে তিনি থাকতে চান। বিশ্বরাজনীতির সর্বোচ্চ পর্যায়ে, দুই বৃহৎ শক্তির নেতাদের সঙ্গে একই টেবিলে।
এ বৈঠক তাকে পশ্চিমা চাপের মুখে রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করার সুযোগ দেবে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) একটি ব্যবসায়িক ফোরামে পুতিন বলছিলেন, ‘আমরা আমাদের দেশ, রাশিয়াকে বিচ্ছিন্ন করার ব্যর্থ প্রচেষ্টার মতো উদাহরণ দেখতে পাচ্ছি। আমাদের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞার চাপ দেওয়া হয়েছে।’
এরপর শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।
তবে ক্রেমলিন বলছে, শেনজেনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হবে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক।
ইউক্রেনের শহরগুলোতে রুশ সামরিক বাহিনীর হামলা অব্যাহত থাকলেও এবং ক্রেমলিন নিঃশর্ত ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এ বৈঠক পুতিনকে বিশ্বনেতার ভাবমূর্তি তুলে ধরার সুযোগ দেবে।
একটি সংক্ষিপ্ত বৈঠক বিশ্বকে নতুন করে সাজিয়ে দেওয়ার সম্ভাবনা কম। তবে এখানে মূল বিষয় হলো দৃশ্যমানতা। একটা ছবি। তিন নেতা, তিন বৃহৎ শক্তি, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন।
একভাবে বলতে গেলে, ভ্লাদিমির পুতিন এ বৈঠককে ব্যবহার করে বিশ্বের বাকি অংশের কাছে ছুটির দিনের একটি পোস্টকার্ড পাঠাবেন। সেখানে ‘ইশ, তুমি এখানে থাকলে’ লেখার বদলে হয়তো তিনি লিখবেন, ‘দেখো, আমি এখানে আছি।’
কিন্তু যারা আলোচনার টেবিলে নেই, তাদের কী হবে?
ইউরোপের নেতাদের মধ্যে, বিশেষ করে ইউক্রেনে, উদ্বেগ রয়েছে যে তিন নেতার এ বৈঠকে শুধু একটি সুন্দর ছবি তোলার চেয়ে বেশি কিছু ঘটতে পারে। তবে তা কিয়েভের জন্য সুখকর নাও হতে পারে।
ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বলেছেন, শেনজেনে তিনি তার ‘প্রিয় বিষয়’ ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে চান। ইউক্রেনীয় কর্মকর্তারা বা ইউরোপীয় নেতারা উপস্থিত না থাকলে ট্রাম্প ও শির কাছে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগকে ক্রেমলিন সম্ভবত কাজে লাগাবে।
গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেছিলেন, পুতিন-ট্রাম্প-শির বৈঠকটি ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের মতো হয়ে উঠতে পারে। ওই সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে নতুন করে সাজানোর বিষয়ে আলোচনা করতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতারা বৈঠকে বসেছিলেন। নেতারা ছিলেন জোসেফ স্টালিন, উইনস্টন চার্চিল ও ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
জেলেনস্কি বললেন, ‘আমরা সত্যিই চাই না, এটি প্রভাব বলয় পুনর্বণ্টনের আরেকটি “ইয়াল্টা ২, ৩, ৪” হয়ে উঠুক।’
শেনজেনে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে চীন আগ্রহী কি না, তা স্পষ্ট নয়। আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে বেইজিংয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বিশ্বশান্তি রক্ষা ও কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার কথা বেশি বলা হয়েছে।
শেনজেনে রাশিয়া বৈঠকের দৃশ্যমান দিকগুলোকে সর্বোচ্চ কাজে লাগাবে। তবে কূটনৈতিক বিজয় আর সামরিক বিজয় এক নয়।
পুতিনের তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর প্রায় পাঁচ বছর পরও ইউক্রেন যুদ্ধে জিততে হিমশিম খাচ্ছে রাশিয়া।
এ সময়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্মেলনের আগের দিন রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে যুক্ত করা সড়ক সেতুতে ইউক্রেনের হামলাও মস্কোর ভাবমূর্তিতে আঘাত করেছে। রাশিয়ার ক্রিমিয়া দখলের পর নির্মিত কয়েকশ কোটি ডলারের সেতুটির একটি অংশ হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ক্ষতি রুশ কর্তৃপক্ষের জন্য শুধু পরিবহন ও সরবরাহের ক্ষেত্রে সমস্যা তৈরি করেনি।
এটি মনে করিয়ে দিয়েছে, ক্রেমলিনের ‘বিশেষ অভিযান’ পরিকল্পনা অনুযায়ী মোটেও এগোয়নি।
শেনজেন সম্মেলন ভ্লাদিমির পুতিনকে বড় মঞ্চ ও উজ্জ্বল আলোয় হাজির হওয়ার সুযোগ দিতে পারে।
কিন্তু এতে যুদ্ধ জয়ের পথে তিনি কতটা এগিয়ে যাবেন, তা নিশ্চিত নয়।
সূত্র : বিবিসি





