লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল ইসরায়েলের

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিউফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল রবিবার দুর্গটির ওপর ইসরায়েলি পতাকা ওড়ানোর ছবি প্রকাশ করেছে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কান ব্রডকাস্টার। ক্রুসেডার যুগে নির্মিত এই দুর্গ লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি উঁচু পাহাড়ি চূড়ায় অবস্থিত। চলমান যুদ্ধবিরতীর মধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে দুর্গটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কানের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গটি এবং এর আশপাশের সালুকি নদী অঞ্চল এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। দেশটির সামরিক কর্মকর্তাদের বরাতে জানানো হয়, দুর্গ ও আশপাশের এলাকা দখলের পর সেখানে নিয়ন্ত্রণ আরও সুসংহত করার কাজ চলছে। স্থল ও আকাশ থেকে ব্যাপক গোলাবর্ষণের সহায়তায় সংঘর্ষের পর প্রতিষ্ঠা করা হয়েছে এ নিয়ন্ত্রণ। রয়টার্স ও এপি-ও জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত বিউফোর্ট দুর্গ গেছে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে।
তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি লেবানন সরকার। বিউফোর্ট দুর্গটি একটি ইউনেস্কো-সুরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা। ২০০০ সালে লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে প্রায় ১৮ বছর ইসরায়েলের দখলে ছিল দুর্গটি। সূত্র: আলজাজিরা






