মোবাইল ফোন আমাদের সময় বাঁচানোর কথা ছিল। কথা ছিল যোগাযোগকে দ্রুত করার। কাজ আরও সহজ ও গতিশীল করার কথা ছিল। কিন্তু কর্মক্ষেত্রে কখনো কখনো সেই মোবাইল ফোনই কি আমাদের সময়, মনোযোগ ও শৃঙ্খলা কেড়ে নিচ্ছে? প্রশ্নটি এখন আর নিছক প্রযুক্তি ব্যবহারের প্রশ্ন নয়; এটি আমাদের পেশাগত সংস্কৃতির প্রশ্ন। অফিসে মোবাইল ফোন ব্যবহার করা যাবে কি যাবে না, এই বিতর্কের কোনো অর্থ নেই। কারণ বাস্তবতা হলো, আধুনিক কর্মক্ষেত্রে মোবাইল ফোন প্রয়োজনীয়। সমস্যা ফোনে নয়, সমস্যাটি হলো ফোনের প্রতি আমাদের আচরণে। একটি জরুরি কল এবং একটি অপ্র...