কার হাতে ব্যালন ডি’অর

হ্যারি কেইন, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, লামিন ইয়ামাল নাকি রোদ্রি— আজ রাতে ব্যালন ডি’অর উঠছে কার হাতে? টানা দুবার চ্যাম্পিয়নস লিগজয়ী উসমান দেম্বেলে একটা সময় ছিলেন ফেভারিট। কিন্তু মৌসুম জুড়ে গোলবন্যা বইয়ে ফেভারিটের তালিকায় শীর্ষে এখন হ্যারি কেইন। বিশ্বকাপ, লা লিগা জেতায় লামিন ইয়ামালও আলোচনায়। বিশ্বকাপের সেরা খেলোয়াড় রোদ্রিকেও রেসের বাইরে রাখার উপায় নেই। আবার লিওনেল মেসি বিশ্বকাপে আলো ছড়িয়ে বদলে দিয়েছেন অঙ্ক। সব মিলিয়ে লড়াইটা জমজমাটই হতে চলেছে আজ।
এমনিতে ব্যালন ডি’অর দেওয়া হয় সাংবাদিকদের ভোটে। খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স আর দলীয় সাফল্য দেখেই দেওয়া হয় ভোট। তবে অনুমান করতে পারেন যে কেউ। বাজির কয়েকটি সাইট এগিয়ে রেখেছে কেইনকে। ‘বেটফেয়ার’-এ তার পক্ষে বাজির রেট ৪/১১। এরপর আছেন কিলিয়ান এমবাপ্পে ২/১, লামিন ইয়ামাল ৯/২ আর সমান ৪০/১ রেট মেসি ও রোদ্রির।
কেইন এগিয়ে থাকার কারণ, নির্ধারিত সময় ৩ আগস্ট ২০২৫ থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত গোল করেছেন সর্বোচ্চ ৭৩টি অ্যাসিস্ট ৭টি। জিতেছেন বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ। ‘পলিমার্কেটের’ হিসাবে তার জয়ের সুযোগ ৭২ শতাংশ।
ফ্রান্স আর রিয়ালের হয়ে কোনো শিরোপা জেতেননি কিলিয়ান এমবাপ্পে। তবে বিশ্বকাপে করেছেন সর্বোচ্চ ১০ গোল। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলও তার। লা লিগায় ২৫ গোল করে জিতেছেন পিচিচি ট্রফি। চ্যাম্পিয়নস লিগেও করেছিলেন সর্বোচ্চ ১৫ গোল। শিরোপা না জিতেও তাই ব্যালন ডি’অরের দাবিদার এমবাপ্পে।
লামিন ইয়ামাল ব্যালন ডি’অরের সময়কালে গোল করেছেন ২৬ আর অ্যাসিস্ট ২৪টি। জিতেছেন বিশ্বকাপ, লা লিগার মতো বড় দুটি ট্রফি। লিওনেল মেসি একটা সময় যোজন যোজন দূরে থাকলেও বিশ্বকাপ পারফরম্যান্সে এসেছেন আলোচনায়। এমএলএস ট্রফি জেতার পাশাপাশি বিশ্বকাপে করেছেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। আবার কোনো গোল-অ্যাসিস্ট না করেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন স্পেনের রোদ্রি। এখন দেখার, মর্যাদার ট্রফিটা আজ লন্ডনে ওঠে কার হাতে।



