এমন দাপট দেখেননি ওয়ার্নার-গিলক্রিস্টরা

ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম গিলক্রিস্ট
অস্ট্রেলিয়ার মাটিতে এমন ‘দাদাগিরি’ কবে দেখিয়েছে কোন দল? তিন দিনে ৯ সেশনেই অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে জয়ের সুবাসও পাচ্ছে তারা। ফক্স স্পোর্টসে বাংলাদেশের এমন দাপট নিয়ে ডেভিড ওয়ার্নারকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনি কি এমন কোনো অস্ট্রেলিয়া দলকে মনে করতে পারেন, যারা টানা ৯টি সেশনে প্রতিপক্ষের পেছনে পড়ে ছিল?
ওয়ার্নারের জবাব, ‘অস্ট্রেলিয়ার মাটিতে কখনো নয়, তবে ভারতে অবশ্যই। বাংলাদেশ যেভাবে খেলছে, এর কৃতিত্ব তাদের দিতেই হবে। তারা অবিশ্বাস্য খেলছে। তাদের বোলাররা জানে কোন লেংথে বল করতে হবে। এর বড় কৃতিত্ব তাদের কোচিং স্টাফদেরও।’
তাতে সায় দেন কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টও, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিপক্ষ কোনো দলকে এমন দাপট দেখাতে খুব কমই দেখা গেছে। অবিশ্বাস্য ক্রিকেট খেলছে বাংলাদেশ।’
ফক্স স্পোর্টসের উইনপ্রেডিক্টরে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা দেখাচ্ছিল প্রায় ১৫ শতাংশ আর বাংলাদেশের ৮৫ শতাংশ। অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি মার্ক ওয়াহ এটি দেখে বলেছেন, ‘আগামীকাল (আজ) প্রথম সেশনে যদি অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে ৬৭ রানের ঘাটতি মেটাতে পারে, তাহলে জয়ের সম্ভাবনা ৩০ শতাংশে পৌঁছাবে। তারপরও অনেকখানি এগিয়ে থেকে শুরু করবে বাংলাদেশ।’
টেস্ট জিততে হলে দ্বিতীয় ইনিংসে অন্তত ৫০০ রান চাই বলে মনে করেন ওয়ার্নার, ‘ম্যাচে ফিরতে অস্ট্রেলিয়াকে ৫০০ থেকে ৫৫০ রান করতে হবে।’






