কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ
স্কটল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সংগৃহীত ছবি
ভারতের আহমেদাবাদে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ৭০-২০ পয়েন্টে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে নিশ্চিত হল পুরুষ বিভাগের সেমিফাইনাল। পাশাপাশি নিশ্চিত হয়েছে পদকও।
চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে কেনিয়া। গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। শুক্রবার একই ভেন্যুতে হবে দুই সেমিফাইনাল।
দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা অনুমিতই ছিল বাংলাদেশের। তবে এত বড় ব্যবধানে জয়ের কথা হয়তো ভাবেনি বাংলাদেশও। বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লাল-সবুজের খেলোয়াড়দের হাতে। রেইড ও রক্ষণে সমান দাপট দেখিয়ে ৫০ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে কোর্ট ছাড়ে তারা।
গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ। কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার পর সিঙ্গাপুরকে ৬০-২৮ এবং অস্ট্রেলিয়াকে ৬৯-৩১ পয়েন্টে হারায়। একমাত্র হার কেনিয়ার বিপক্ষে ।



