রাগবি
র্যাংকিংয়ে ফেরার লক্ষ্যে চাইনিজ তাইপে যাচ্ছে বাংলাদেশ

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক রাগবিতে হারানো র্যাংকিং ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে চাইনিজ তাইপে যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ রাগবি দল। আগামী ২০ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য এশিয়া রাগবি এমিরেটস সেভেনস ট্রফিতে অংশ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, স্বাগতিক চাইনিজ তাইপে ও ফিলিপাইন।
টুর্নামেন্ট সামনে রেখে এক মাসের প্রস্তুতি শেষে ১২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। দলের সঙ্গে থাকবেন ম্যানেজার ও কোচিং স্টাফের সদস্যরাও।
টিম ম্যানেজার সাইদ আহমেদ জানান, গত বছর আন্তর্জাতিক র্যাংকিং ও রেটিংয়ে জায়গা হারানোর পর এবার তা ফিরে পাওয়াই দলের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ করতে চায় বাংলাদেশ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগও তৈরি হবে।
দেশে রাগবির কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানিয়েছে ফেডারেশন। সহসভাপতি তারেক চৌধুরী জানান, বর্তমানে দেশের ১৪ জেলায় রাগবির কার্যক্রম চলছে। রয়েছে ২৪টি ক্লাব। ভবিষ্যতে নেপাল ও পাকিস্তানে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি ২০২৭ সালের ডিসেম্বরে এশিয়া রাগবি সেভেনস ট্রফি আয়োজনের পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের।
স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তার উজ জামান। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাগবিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চাইনিজ তাইপের এই টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ফেডারেশন।



