নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’-এর প্রথম পর্বের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।
আজ শনিবার বিকেলে সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং চীনা দূতাবাসের প্রতিনিধিসহ দেশের খ্যাতনামা ও কিংবদন্তি ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, সরকারের নানা উদ্যোগের ফলে সারাদেশে ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সম্ভাবনাময় ছেলে-মেয়েরা নিজেদের বিকাশ ঘটানোর সুযোগ পাচ্ছে।
আজকের এই ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনে জাতীয় দলকে সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের লাল-সবুজ পতাকাকে উঁচুতে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহবুব-উল-আলম।
যুব ও ক্রীড়া সচিব উল্লেখ করেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে বিকেএসপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের খুঁজে এনে উন্নত প্রশিক্ষণের আওতায় নেওয়া হচ্ছে, যা দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে বড় অবদান রাখবে।
দেশজুড়ে গত ২৮ ও ২৯ এপ্রিল প্রাথমিক বাছাইয়ের পর ২ মে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। সেখান থেকে নির্বাচিত ৩১১ জন ক্ষুদে খেলোয়াড়কে নিয়ে বিকেএসপিতে আজ শুরু হলো ৪০ দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ।
এখানে খেলার দক্ষতার পাশাপাশি শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। ক্যাম্প শেষে সেরা প্রতিভাদের বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।



