অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই
উজবেকিস্তান জয় বাংলাদেশের

সংগৃহীত ছবি
অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচের একেবারে শেষবেলায় বদলি খেলোয়াড় রুনা আক্তারের গোলে উজবেকদের ২-১ ব্যবধানে হারিয়েছে সাইফুল বারী টিটুর দল।
গ্রুপ এইচে নিজেদের প্রথম ম্যাচে তাসখন্দে উজবেকিস্তানের দসলিক স্টেডিয়ামের অনুশীলন গ্রাউন্ড-১-এ মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে লিড নেয় বাংলাদেশ। পূর্ণিমা মারমার পাসে বল পেয়ে দলকে এগিয়ে দেন আলমিনা। এই লিড অবশ্য বেশিক্ষণ রাখতে পারেনি বাংলাদেশ। ১৭তম মিনিটে রক্ষণের ভুলে বল পায় উজবেকরা। ফারগিজ লাকায়েভার গোলে ম্যাচে ফেরে তারা।
প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। দ্বিতীয়ার্ধেও গোল আসছিল না। নির্ধারিত ৯০ মিনিটেও খেলায় ছিল ১-১ এ সমতা।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বাংলাদেশকে জয়সূচক গোল এনে দেন রুনা। রানীর দারুণ এক পাসে বল পেয়েছিলেন রুনা। একাই বল নিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে ফিলিপাইনের কাছে গ্রুপের প্রথম ম্যাচে ৪-০ গোলে হেরেছিল উজবেকরা।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে ১১ অক্টোবর ফিলিপাইনের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বে জায়গা করে নেবেন রুনারা। প্রতি গ্রুপ থেকে একটি করে দলই যাবে মূল পর্বে। ৮ গ্রুপে ২৪টি দল খেলছে বাছাই পর্বে।
স্বাগতিক চীনের সঙ্গে আগেই মূল পর্ব নিশ্চিত করেছে উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়া। আগামী বছর ৩১ মার্চ থেকে চীনে বসবে অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের ১১তম আসর। ফাইনাল হবে ১৭ এপ্রিল।



