টেস্ট ছাড়ার ইঙ্গিত দিয়ে অলিম্পিকে চোখ স্মিথের

স্টিভেন স্মিথ
বয়স ছাড়িয়েছে ৩৭ বছর। খেলেছেন ১২৫ টেস্ট। তারপরও অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথ। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে তার তিনটি ইনিংস ৭১, ৪৪ ও ৪২। মিডল অর্ডারের স্তম্ভ হলেও আগামী অ্যাশেজে নাও দেখা যেতে পারে তাকে। ইংল্যান্ডের ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে টেস্ট থেকে অবসরের ইঙ্গিত দিলেন এই তারকা। টেস্ট না খেললেও অলিম্পিকে সোনা জেতার স্বপ্নের কথাও জানিয়েছেন স্মিথ।
স্মিথ এখন ডাবলিনে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে ‘অ্যামস্টারডাম ফ্লেমস’-এর হয়ে খেলছেন। সেখানেই টেলিগ্রাফকে তিনি বললেন, ‘আমি নিজেই জানি না তখন (অ্যাশেজে) দলে থাকব কি না। আমি বেশ কিছুদিন ধরে প্রতিটি সিরিজ ধরে ধরে এগোচ্ছি, আর অ্যাশেজ এখনো আমার জন্য অনেক দূরে। ইংল্যান্ডের মাটিতে একটি সিরিজ জিততে পারলে দারুণ হতো। তবে সেটা শেষ পর্যন্ত সত্যি হয় কি না, দেখার জন্য অপেক্ষা করতে হবে।’
২০২৮ সালে ১২৮ বছর পর অলিম্পিক গেমসে ক্রিকেট ফিরছে। লস অ্যাঞ্জেলেসে টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি পুরুষ ও নারী দল প্রতিযোগিতা করবে। অলিম্পিক গেমস শুরুর ঠিক আগেই স্মিথ ৩৯ বছরে পা দেবেন, তবে তিনি অলিম্পিক খেলতে চান, ‘এই মুহূর্তে অলিম্পিকের অংশ হওয়াটাই সম্ভবত আমার মূল লক্ষ্য। অামস্টারডামের হয়ে এখানে খেলার অন্যতম বড় কারণ ছিল, যত বেশি সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া। নতুন একটি জায়গায় এসে খেলতে শুরু থেকে আগ্রহী ছিলাম।’
থ্রো-ডাউনের জন্য যিনি স্ত্রীকেও সঙ্গে নেন, তার কাছে অবসরের পর কোচিং স্বাভাবিক পছন্দ হতেই পারে। তবে ক্যারিয়ারের শেষপর্যায়ে স্মিথ অনেকটাই বদলে গেছেন। এখন খেলা না থাকলে তিনি খুব একটা ক্রিকেট দেখেন না। স্মিথ বললেন, ‘এখনো মনে করি, আরও কিছুদিন টি-টোয়েন্টি খেলে যেতে পারব। খেলা ছাড়ার পর আমার জন্য কী অপেক্ষা করছে? আমি নিশ্চিত নই, তবে আশা করি, খেলোয়াড় হিসেবে এখনো কিছুটা সময় বাকি। গত ১৫ বছর বা তার কাছাকাছি সময়ে দুর্দান্ত একটি সফর ছিল। আমি এখনো এটা উপভোগ করছি। তাই অবসরের কোনো নির্দিষ্ট তারিখ আমার নির্ধারিত নেই, দেখা যাক কী হয়।’



