এশিয়ান গেমস
৭ গোল খেয়ে ষষ্ঠ হওয়া হলো না জিমিদের

চীনের কাছে ৭-১ গোলে হেরে এশিয়ান গেমস ষষ্ঠ স্থানে থেকে শেষ করার লক্ষ্য পূরণ হল না বাংলাদেশ পুরুষ হকি দলের। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে একপেশে ম্যাচে চীন নাস্তানাবুদ করে ছেড়েছে রাসেল মাহমুদ জিমিদের। এটা ছিল পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ।
এই পরাজয়ের ফলে এখন বাংলাদেশকে খেলতে হবে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ। এশিয়াডে ষষ্ঠ হলে আগামী চার বছরের জন্য অনেকগুলো জানালা খুলে যেত বাংলাদেশের সামনে। নিয়মিতই বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি হতো।
প্রথম কোয়ার্টারেই দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আরও এক গোল হজমের পর রাকিবুল হাসান এক গোল পরিশোধ করেন। তৃতীয় কোয়ার্টারে দুই গোল করে ব্যবধান ৫-১ করে চীন। আর শেষ কোয়ার্টারে শেষ দুই গোলের দেখা পায় চীন।
৫-৮তম স্থানের আরেক লড়াইয়ে জাপান ৯-১ ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়েছে। সপ্তম হতে এখন বাংলাদেশকে হারাতে হবে থাইল্যান্ডকে। সপ্তম হলে এ মাসের শেষে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।




