এএফসি উইমেন'স চ্যাম্পিয়নস লিগ
রাজশাহী স্টার্সের বড় লক্ষ্য

সংগৃহীত ছবি
প্রথমবারের মতো এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছেন তারা। মাঠে নামার আগে রাজশাহী স্টার্সের কোচ ও অধিনায়ক শোনালেন আশার বাণী। কোচ গোলাম রাব্বানি ছোটন ও অধিনায়ক শিউলি আজিম বলছেন, ভালো কিছু করার লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন তারা।
ভারতের ইস্ট বেঙ্গলের বিপক্ষে ম্যাচ দিয়ে সোমবার টুর্নামেন্টের প্রিলিমিনারি রাউন্ড শুরু করবে রাজশাহী স্টার্স। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ গুয়ামের রোভার্স এফসি এবং এই গ্রুপের আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসি।
মালয়েশিয়া যাওয়ার আগে বাফুফে ভবনে শুক্রবার সংবাদ সম্মেলনে রাজশাহী কোচ, অধিনায়ক তুলে ধরেন তাদের ভাবনা।
শিউলি জানান, ‘ক্লাবের সবাই ইতিবাচক ছিলেন বলেই আমরা আজকে এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে খেলতে যাচ্ছি। এটাই আমাদের প্রথম অংশ নেওয়া, আমাদের মনে হয় যে, এখানে অংশগ্রহণ করাটাই অনেক বড় ব্যাপার। তারপরেও আমি বলব আমাদের দলে এখন শক্তিমত্তা যোগ হয়েছে; আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চটা দেওয়ার এবং ভালো করার।‘
তিনি আরও বলেন, ‘এশিয়ান গেমসের আগে এটা আমাদের জন্য একটা প্রস্তুতিও হয়ে যাবে। কারণ, এই ম্যাচগুলো খেলে আমাদের যে ভুলত্রুটিগুলো আছে, সেগুলো শুধরানোর সুযোগ পাব এবং আমরা নিজেদের অবস্থান বুঝতে পারব।‘
দলের সামর্থ্য নিয়ে তাই একবিন্দু সংশয় নেই কোচ গোলাম রব্বানী ছোটনের, ‘আমাদের যারা প্রতিপক্ষ আছে, তারা বেশ ভালো দল। কিন্তু আমাদের দলও পিছিয়ে নেই, কারণ আমাদের খেলোয়াড়দেরও অনেকে সাফ চ্যাম্পিয়ন হয়েছে দুইবার এবং তারা এশিয়ার মঞ্চে তারা বড় বড় দলের সাথেও লড়াই করেছে, অধিকাংশ খেলোয়াড়ই জাতীয় দলে খেলে। আমাদের নেপালি একজন খেলোয়াড়ও আছে (বিমলা বিকে)। আমরা গত ৮ তারিখ থেকে অনুশীলন করছি। আশা করি, আমরা এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিতে পারব এবং মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে, তাহলে প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।‘
আগামীকাল শনিবার সকাল ৮টায় মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে রাজশাহী স্টারস এফসি।






