মেসির দিকে মনোযোগ দিতে চান না এমবাপ্পে

সংগৃহীত ছবি
বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের পর ফরাসি স্ট্রাইকার মুখ খুললেন লিওনেল মেসিকে নিয়ে এবং স্পষ্ট জানিয়ে দিলেন, আর্জেন্টাইন তারকা প্রতি ম্যাচে কী করছেন, সেদিকে তার মনোযোগ নেই।
ম্যাচ শেষে মেসিকে ছাড়িয়ে যাওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে এমবাপ্পে বলেন, ‘মেসি সবসময় গোল করে, করে এসেছে এবং করতেই থাকবে। আমি যদি ওর দিকে নজর রাখতাম, তাহলে আরও বেশি পরিশ্রম করতে হতো। সে কী করছে সেটা আমি একদমই দেখি না। শুধু ভাবি কীভাবে দলকে সাহায্য করা যায়।’
এমবাপ্পের মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই মেসি দুটি গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ইরাকের বিপক্ষে এমবাপ্পে ফরাসি জার্সিতে শততম ম্যাচ খেললেন এবং বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়াল ১৬-তে — মেসির চেয়ে দুই পিছিয়ে। তবে এই আসরের আগ পর্যন্ত শীর্ষে থাকা মিরোস্লাভ ক্লোসার সমান।
প্রথম দুটো ম্যাচেই জয় পেয়েছে ফ্রান্স, এবং প্রতি ম্যাচেই জোড়া গোল করেছেন এমবাপ্পে। নিজের ফর্ম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দারুণ অনুভব করছি। সবাই জানে বিশ্বকাপ একজন ফুটবলারের কাছে কতটা গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদে সেরাটা দিয়ে মৌসুম কাটানোর চেষ্টা করেছিলাম। জানুয়ারিতে গুরুতর চোট পেয়েছিলাম, তারপর সেরে উঠে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই সেরা অবস্থায় ফিরে এসেছি।’
ফিলাডেলফিয়ায় তীব্র ঝড়ের কারণে ম্যাচে দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ ছিল। সেই অভিজ্ঞতা সম্পর্কে এমবাপ্পে জানান, ‘রাতটা ছিল অনেক লম্বা। আবেগ আর উত্তেজনায় ভরা সেই সময়টা খুব কঠিন ছিল। দেড় থেকে দুই ঘণ্টা ড্রেসিংরুমে বসে মনোযোগ ধরে রাখা অত্যন্ত কঠিন। নিজেদের ম্যাচের মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। জটিল পরিস্থিতি ছিল, তবে শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পেরেছি।’




