রোনালদো নাজারিও
পৃথিবীর মানুষ মেনে নাও, মেসিই সর্বকালের সেরা

রোনালদো নাজারিও এবং লিওনেল মেসির ছবিটি এআই দিয়ে তৈরি।
আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির জাদুকরি হ্যাটট্রিকের পর যখন পুরো ফুটবল বিশ্ব প্রশংসায় ভাসছে, তখন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিতর্কটির অবসান ঘটালেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়কের এমন অবিশ্বাস্য কীর্তি দেখে ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় কে- তা নিয়ে আর কোনো তর্কের অবকাশ নেই। লিওনেল মেসিই ইতিহাসের সেরা।
চলতি বিশ্বকাপে গতকাল নিজেদের প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই দিনে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড জোড়া গোল করলেও, সবাইকে ছাড়িয়ে বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নেন ৩৮ বছর বয়সী মেসি। এই কীর্তির পরই তার প্রশংসায় মেতে ওঠেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই সাবেক তারকা।
বিশ্বকাপের ইতিহাস ও নিজের রেকর্ড ছোঁয়ার ম্যাচে মেসিকে নিয়ে রোনালদো নাজারিও বলেন, ‘প্রতিবার মেসি যখন মাঠে নামে, সবকিছুই ঐতিহাসিক ও নান্দনিক হয়ে ওঠে। পৃথিবীর মানুষের এখন উচিত, লুকোচুরি না করে এই সত্যটি মেনে নেওয়া যে, মেসিই ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার।’
মেসির খেলার ধরন নিয়ে মুগ্ধতা প্রকাশ করে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের এই সাবেক স্ট্রাইকার আরও যোগ করেন, ‘ও মাঠে যা করে, তা সমস্ত যুক্তির বাইরে। এত শান্ত থেকে এবং দূরদর্শিতার সাথে ও খেলছে, যা ফুটবলপ্রেমীদের জন্য এক পরম পাওয়া। এই বয়সেও ও যেভাবে জয়ের মানসিকতা ধরে রেখেছে, তা ওকে বাকি সবার চেয়ে আলাদা করে দেয়।’
আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলটি করার মাধ্যমে বিশ্বকাপে ব্রাজিলের রোনালদোর ১৫ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। আর হ্যাটট্রিক পূর্ণ করার মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে, যা জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড। চলতি বিশ্বকাপে অংশ নেওয়া বাকি ১ হাজার ২৪৭ জন খেলোয়াড়ের সবাই মিলে যেখানে মোট ৮টি ব্যালন ডি’অর জিতেছেন, সেখানে মেসি একাই জিতেছেন ৮টি ব্যালন ডি'অর! এখন ক্লোসার রেকর্ডটি নিজের করে নেওয়ার অপেক্ষায় মেসি।






