বিশ্বকাপ
একাদশ নিয়ে দ্বিধায় স্কালোনি

সংগৃহীত ছবি
আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সামনে একাদশ নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়েছে। মূল লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকোর আকস্মিক চোটই এই জটিলতার কেন্দ্রে।
তাগলিয়াফিকোর জায়গায় স্বাভাবিক বিকল্প না থাকায় স্কালোনিকে পুরো রক্ষণ সাজানো নতুন করে ভাবতে হচ্ছে। হাঁটুর চোট থেকে সেরে ওঠা ক্রিস্তিয়ান রোমেরো কেন্দ্রীয় রক্ষণে নিশ্চিত। কিন্তু দ্বিতীয় সেন্টারব্যাক হিসেবে নিকোলাস ওতামেন্দি নাকি লিসান্দ্রো মার্তিনেস খেলবেন, সেটি এখনো অনিশ্চিত।
সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ, কারণ এর ওপর নির্ভর করছে লেফটব্যাকের সমাধানও। ওতামেন্দি একাদশে থাকলে বাঁ পায়ের খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেস বাঁ উইং ব্যাক হিসেবে খেলতে পারেন। আর লিসান্দ্রো যদি রোমেরোর সঙ্গী হন, তাহলে ফাকুন্দো মেদিনা স্বাভাবিকভাবেই তাগলিয়াফিকোর শূন্যস্থান পূরণ করবেন।
আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ জয়ের পর এ বিষয়ে স্কালোনি বলেছেন, ‘আমি শুধু এটুকুই করতে পারি যে একটা সিদ্ধান্ত নেব এবং সেটাই নেব। কারণ দুজনের একজন অবশ্যই খেলবে। রোমেরো ভালো খেললে সেটা বিবেচনায় নেব। খেলোয়াড়রা সবাই জানে। সত্যি হলো, এখানে অনেকেই খেলার যোগ্য, কিন্তু মাঠে নামাতে পারব মাত্র এগারোজনকে।’
আরেকটি প্রশ্নচিহ্ন আলজেরিয়ার বিপক্ষে নাইনের পজিশনে— লাউতারো মার্তিনেস না হুলিয়ান আলভারেস? স্কালোনি নিজেই স্বীকার করেছেন, ‘লাউতারো বা হুলিয়ান— এই দ্বিধা সবসময়ের। ক্রমাগত সিদ্ধান্ত নিতে হচ্ছে, সঠিক ছন্দটা খুঁজতে হচ্ছে।’
ফুটবলীয় সক্ষমতায় আলভারেস এগিয়ে থাকলেও গোড়ালির চোটের কারণে দুটি প্রস্তুতি ম্যাচ মিস করেছেন তিনি। ম্যাচ ফিটনেস নিয়ে সংশয় থাকায় লাউতারোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না— বিশেষ করে হন্ডুরাসের বিপক্ষে গোল করার পর।
মাঝমাঠ অবশ্য প্রায় নিশ্চিত: রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক আলিস্টার ও থিয়াগো আলমাদা।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্তিনেস; নাউয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি অথবা লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা অথবা লিসান্দ্রো মার্তিনেস; রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস অথবা লাউতারো মার্তিনেস।


