ম্যানচেস্টার ডার্বি
মুখোমুখি মারেস্কা-ক্যারিক, শেষ হাসি কার?

ম্যানচেস্টার ডার্বি মানেই যেন বিশেষ কিছু। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু ১৯৯তম ম্যানচেস্টার ডার্বি। নতুন কোচ এঞ্জো মারেস্কার অধীনে সিটির এটিই প্রথম বড় পরীক্ষা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া মাইকেল ক্যারিকের রেড ডেভিলরা।
পেপ গার্দিওলা বিদায় নেওয়ার পর দায়িত্ব নেওয়া মারেস্কার অধীনে সিটি এই মৌসুমের শুরু থেকেই আছে দারুণ ফর্মে। লিগে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ড আছেন দুর্দান্ত ফর্মে। চলতি মৌসুমে ৪ ম্যাচে ৫ গোল করে ক্লাবের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ (১৬৭) গোল স্কোরার তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুমের শুরুটা হয়েছে মিশ্র অভিজ্ঞতায়। চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা হাল সিটির কাছে ২-০ ব্যবধানে হেরে মৌসুম শুরুর পর ইপসউইচ টাউনকে ৫-২ গোলে হারায় তারা।
এরপর এভারটনের সঙ্গে ২-২ গোলে ড্র এবং সম্প্রতি ৩ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে ৪-০ গোলের জয় পায় ক্যারিকের দল। বর্তমানে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ১১ নম্বরে আছে ইউনাইটেড।
মুখোমুখি লড়াই
আগের ১৯৮টি লড়াইয়ের মধ্যে ৮১টিতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর ম্যান সিটির জয় ৬২টিতে। বাকি ৫৫টি ম্যাচ ড্র হয়েছে।
সর্বশেষ মুখোমুখি দেখায় (১৭ জানুয়ারি, ২০২৫) ওল্ড ট্রাফোর্ডে ব্রায়ান এমবিউমো ও প্যাট্রিক ডোরগুর গোলে ২-০ ব্যবধানে জিতেছিল ইউনাইটেড।
অন্যদিকে, সিটি তাদের শেষ ডার্বি জয় পেয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে ৩-০ গোলের ব্যবধানে।
সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী বলছে, আজকের ম্যাচে ম্যান সিটির জয়ের সম্ভাবনা ৪৪.২ শতাংশ, ইউনাইটেডের জয়ের সম্ভাবনা ৩১.৬ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২৪.২ শতাংশ।
দলের খবর ও সম্ভাব্য একাদশ
ইউনাইটেড শিবিরে ইনজুরির ধাক্কা আগে থেকেই। ইনজুরির কারণে বাইরে রয়েছেন নতুন মিডফিল্ডার কার্লোস বালেবা ও উইঙ্গার আমাদ দিয়ালো। তবে টানা দুই ম্যাচে বেঞ্চ থেকে নেমে গোল করা স্ট্রাইকার বেঞ্জামিন সেশকো প্রস্তুত থাকায় কিছুটা স্বস্তিতে ক্যারিক।
অন্যদিকে, সিটির উইঙ্গার জেরোমি ডোকু চোটের কারণে অনিশ্চিত হলেও পিঠের সমস্যা কাটিয়ে ফিরেছেন নিকো ও'রাইলি। মধ্যমাঠে প্রথমবারের মতো একসঙ্গে শুরু করতে পারেন তিন নতুন সাইনিং এনসো ফের্নান্দেস, এলিয়ট অ্যান্ডারসন এবং আইয়ুব বুয়াদ্দি।
শেষ পাঁচ ম্যাচের রেকর্ড
নিজেদের শেষ ৫ ম্যাচে ইউনাইটেড জিতেছে ৩ ম্যাচে, হার একটিতে, ড্র একটি। অন্যদিকে শেষ ৫ ম্যাচে সিটির জয় ৪টিতে, হার একটিতে।



