১৮ বছর বয়সেই বার্সার নজর কাড়লেন মরক্কোর ফুটবলার

সংগৃহীত ছবি
তরুণ প্রতিভা খুঁজতে আফ্রিকার ফুটবলে নজর রাখছে বার্সেলোনা। এবার স্প্যানিশ ক্লাবটির আগ্রহ মরক্কোর ১৮ বছর বয়সী রাইটব্যাক ইলিয়াস হিদাউইকে নিয়ে। তাকে দলে পেতে মরক্কোর মোহাম্মদ ষষ্ঠ ফুটবল একাডেমির কাছে প্রস্তাব দেওয়ার কথা ভাবছে কাতালান ক্লাবটি।
মরক্কোর সংবাদমাধ্যম লে সিতে ইনফো স্পোর্টের বরাত দিয়ে বৃহস্পতিবার খবরটি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত। হিদাউইকে মরক্কোর নতুন প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাতীয় দলের বয়সভিত্তিক পর্যায়ে এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ডিফেন্ডার। মরক্কোর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছেন ২২টি ম্যাচ। সম্প্রতি জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-২০ দলেও। ফরাসি কোচ লুদোভিক বাতেল্লির অধীনে খেলছেন তিনি।
হিদাউইয়ের ফুটবলের হাতেখড়ি মোহাম্মদ ষষ্ঠ একাডেমিতে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই একাডেমিকে আফ্রিকা মহাদেশের অন্যতম সেরা ফুটবলার তৈরির কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকেই উঠে এসেছেন ইউসুফ এন-নেসিরি, নায়েফ আগুয়ের্দ ও আজেদ্দিন উনাহির মতো ফুটবলাররা। পরবর্তী সময়ে ইউরোপের ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা।
শুধু হিদাউই নন, আফ্রিকার তরুণ ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে বার্সেলোনা। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার আগেই সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করে নিজেদের দলে যুক্ত করতে চায় ক্লাবটির স্পোর্টিং ম্যানেজমেন্ট।
এরই মধ্যে মিসরের স্ট্রাইকার হামজা আবদেলকরিমকে দলে নিয়েছে বার্সেলোনা। পাশাপাশি সেনেগালের ফুটবলার ইব্রাহিমা কন্তের ওপরও নজর রাখছে তারা।
তবে হিদাউইকে পেতে বার্সেলোনাকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। স্প্যানিশ সংবাদমাধ্যমটির দাবি, ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাবের নজর রয়েছে মরক্কোর এই তরুণ ডিফেন্ডারের ওপর।



