হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

ঢাকায় মাত্র ২ ঘণ্টা ৩৫ মিনিটের সংক্ষিপ্ত সফরে এসেছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। বিমানবন্দরের অভ্যন্তরে ইউসিবি লাউঞ্জে তাকে অভ্যর্থনা জানান সভাপতি তাবিথ আউয়াল নেতৃত্বাধীন বাফুফের এক প্রতিনিধিদল।
বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, তাকে বহনকারী বিশেষ বিমান বিকাল ৩টা ২৫ মিনিটে ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা।
ইনফান্তিনোর ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রা বিরতি দিয়েছেন বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য। বাফুফে খোলাসা করে ফিফা সভাপতির সফরের উদ্দেশ্য না জানালেও ধারণা করা হচ্ছে আগামী বছর মার্চে হতে যাওয়া ফিফা নির্বাচনে নিজের পক্ষে টানতে বাফুফে কর্তাদের সঙ্গে বসেছেন তিনি।
ভুটানের রাজধানী থিম্পুগামী সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকাকে বেছে নিয়েছেন ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশ্য আগে থেকেই তাকে স্বাগত জানানোর প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছিল।
এর আগে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ চলার সময় ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেছিলেন তাবিথ আউয়াল। এবারের ঢাকা যাত্রাবিরতিতে বাফুফে সভাপতির সঙ্গে দেখা হলো তার। এভাবে কেন হঠাৎ করে ইনফান্তিনো উল্কার মতো ঢাকায় হাজির হয়েছেন, তা অজানা। বাফুফে কর্তারা অবশ্য বলছেন, তিনি ভুটান যেতে ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নিয়েছেন।
তবে ইনফান্তিনো এভাবেই বিভিন্ন দেশে ছুটে বেড়াচ্ছেন এখন। বিশ্বকাপের পর থেকে নানা কর্মকাণ্ডে তিনি সমালোচিত হচ্ছেন চারদিকে। বিশেষ করে বাণিজ্যিক কোম্পানির কাছে বিশ্বকাপের স্বত্ব বিক্রি করতে গিয়েই ফেঁসে গেছেন ইনফান্তিনো। এর পর থেকেই তিনি আছেন চাপের মুখে। ইউরোপ ও কনকাকাফ অঞ্চল একাট্টা হয়েছে তাকে ফিফা প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে। এমনকি তার পদত্যাগও দাবি করা হয়েছে।
আগামী মার্চে ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে তারা একজন শক্তিশালী প্রার্থী খুঁজছে। প্রার্থী হিসেবে অন্য কয়েকজনের সঙ্গে বিখ্যাত ফুটবল ব্যক্তিত্ব আর্সেন ওয়েঙ্গারের নামও জোরেশোরে শোনা যাচ্ছে।
তাই ইনফান্তিনো এখন ফিফার বিভিন্ন সদস্য রাষ্ট্র সফর করছেন নিজের ভোটের জন্য। শুরুতে গোপনে কয়েকটি সদস্য সফর করলেও, শেষমেশ আর গোপন থাকেনি।
আগে যেমন ফিফা প্রেসিডেন্ট বিভিন্ন দেশে গেলে নানা প্রোটকল থাকত, এখন তার দরকার হচ্ছে না। কারণ নিজের ভোটের জন্যই ইনফান্তিনো বিভিন্ন দেশে যাচ্ছেন। কখনো একরাত থাকছেন, কখনো বা বিমানবন্দরে চুপিসারে মিটিং করেই চলে যাচ্ছেন। ঢাকায়ও এসেছেন তিনি সেই ভোট চাওয়ার ঝটিকা সফরে।





