সাফ ২০২৬
এবার না হলে আর কবে?

ছবি: আগামীর সময়
চীনের দুঃখ হোয়াংহো নদী। আর ফুটবলে বাংলাদেশের দুঃখ নেপাল। অন্তত সাফ চ্যাম্পিয়নশিপে এটাই রূঢ় বাস্তবতা। সাফে বাংলাদেশের স্বপ্নভঙ্গের সবচেয়ে বড় চিত্রনাট্যকার হিমালয়কন্যারা। শেষ ছয়টি আসরে চোখ রাখলে দীর্ঘশ্বাসের শব্দগুলো আরও ভারী হয়। আগের ছয় সাফের চারটিতেই বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়েছিল নেপাল।
২০১১ সালের দিল্লি সাফ। প্রায় মাঝমাঠ থেকে সাগর থাপার অবিশ্বাস্য গোল আজও ফুটবলপ্রেমীদের মনে পোড়ায়; যে হারে গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় ত্বরান্বিত হয়েছিল। ২০১৩ কাঠমান্ডু সাফেও একই গল্পের পুনরাবৃত্তি—দশরথ রঙ্গশালায় গ্রুপের প্রথম ম্যাচেই নেপালের কাছে হার। ২০১৮ ঢাকা সাফে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ভুটান ও পাকিস্তানকে হারিয়ে দেখছিল সেমিফাইনালের স্বপ্ন। তবে গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে ২-০ গোলের হারে ঘরের মাঠেও স্বপ্নভঙ্গ হয় লাল-সবুজদের। অথচ সেই ম্যাচটা ১-০ ব্যবধানে হারলেও সেমিফাইনালে যেতো তারা।
আর ২০২১ সালে মালে সাফ? রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেপালকে হারালেই ফাইনাল নিশ্চিত। ম্যাচের বেশিরভাগ সময় ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে উপহার দেওয়া এক পেনাল্টিতে জয় হাতছাড়া হয়। ম্যাচটি ১-১ ড্র হওয়ায় বাংলাদেশ কাঁদিয়ে ফাইনালের টিকিট কেটেছিল নেপাল।
বাংলাদেশ সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৩ সালে ঢাকায়। সর্বশেষ ফাইনাল ২০০৫ সাল করাচিতে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে; গত ৮টি আসরে ফাইনালেই উঠতে পারেনি বাংলাদেশ। দেশের ফুটবল ইতিহাসে এই দীর্ঘ খরা এখন এক বিশাল না-পাওয়ার বেদনায় পরিণত হয়েছে।
তবে এবার মুদ্রার পিঠ পাল্টেছে। পরিস্থিতি এবং সমীকরণ দুটোই এবার স্বাগতিক বাংলাদেশের অনুকূলে। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের সাফে অংশ নিতে পারছে না সেই চিরচেনা বাধা নেপাল। শুধু কি তাই? আঞ্চলিক ফুটবলের পরাশক্তি ভারত পাঠিয়েছে তাদের দ্বিতীয় সারির দল। আর পাকিস্তানও এসেছে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে ছাড়া। প্রতিযোগিতার অন্যতম প্রধান শক্তিগুলোর এমন দুর্বলতা বাংলাদেশের পথকে অনেকটাই পরিষ্কার করে দিয়েছে।
গ্রুপ প্রতিপক্ষরাও র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে। আগামীকাল শুরুর দিনে প্রতিপক্ষ ভুটান, যারা এসেছে তারুণ্য নির্ভর দল নিয়ে। আর ১১ নভেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
ঘরের মাঠে হাজারো দর্শকের সমর্থন এবং নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চিরচেনা মঞ্চ—সব মিলিয়ে শিরোপা খরা কাটানোর এর চেয়ে সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে অতীতে খুব কমই এসেছে।
ইতিহাসের ক্ষত ভুলে, অতীতের সব আক্ষেপকে পেছনে ফেলে লাল-সবুজ জার্সিধারীরা কি পারবেন এবার ২৩ বছরের শিরোপা আক্ষেপ ঘোঁচাতে? কোটি বাঙালির মনে তাই একটাই প্রশ্ন— "এবার না হলে আর কবে?"




