ক্ষোভে আলভারেসের দিকে তাকাচ্ছেনও না সিমিওনে

সংগৃহীত ছবি
আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে ও তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের সম্পর্ক ভাঙনের মুখে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্লাব ছাড়ার ব্যাপারে আলভারেসের সাম্প্রতিক আচরণে তার ওপর ভীষণ ক্ষুব্ধ সিমিওনে। এমনকি আর্জেন্টাইন এই কোচ নাকি এখন আলভারেসের দিকে তাকাতেও পারছেন না।
বার্সেলোনায় আলভারেসের সম্ভাব্য দলবদল নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। লা লিগা বিশ্লেষক ফিল কিট্রোমিলিদেস জানিয়েছেন, এই পরিস্থিতিতে আতলেতিকোর ড্রেসিংরুমেও হতাশা তৈরি হয়েছে। সিবিএস স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি যা শুনছি তাতে ড্রেসিংরুমের সবাই আলভারেসের ওপর খুবই হতাশ। এমনকি একজন আমাকে বলেছেন, দিয়েগো সিমিওনে আলভারেসের দিকে তাকাতেও পারছেন না। তিনি ভীষণ, ভীষণ ক্ষুব্ধ আলভারেসের ওপর।’
আলভারেসের ওপর সিমিওনের ক্ষোভের পেছনে রয়েছে গত মৌসুমের ঘটনাগুলোও। প্রায় চার মাস গোলের দেখা পাননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে কঠিন সেই সময়েও প্রকাশ্যে তার সবচেয়ে বড় সমর্থক ছিলেন সিমিওনে। আলভারেসের সমালোচনা না করে সবসময় তাকে সমর্থন দিয়েছেন আতলেতিকো কোচ।
কিট্রোমিলিদেস বলেন, ‘আলভারেস সিমিওনের নিজের খেলোয়াড়। গত মৌসুমে প্রায় চার মাস গোল না পেলেও সিমিওনে তাকে প্রকাশ্যে নিয়মিত সমর্থন করেছেন। কখনো তার বিরুদ্ধে খারাপ কোনো কথা বলেননি। শতভাগ সমর্থন দিয়েছেন। এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় আলভারেস। দলের পরিকল্পনা তাকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে।’
এমন পরিস্থিতিতে গত সপ্তাহে আলভারেসের কয়েকটি অনুশীলন সেশনে অনুপস্থিতি ক্লাব ছাড়ার গুঞ্জন আরও বাড়িয়ে দেয়। যদিও রোববার সতীর্থদের সঙ্গে আবার অনুশীলনে ফিরেছেন তিনি। তবু বার্সেলোনায় যাওয়ার আগ্রহ থাকলেও আলভারেসকে ছাড়ার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে আতলেতিকো।
আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী বার্সেলোনা। তবে চলতি দলবদলের বাজারে এই চুক্তি সম্পন্ন করা অত্যন্ত কঠিন বলেই মনে করছে কাতালান ক্লাবটির কর্তৃপক্ষ। তাই আক্রমণভাগ শক্তিশালী করতে বিকল্পও ভেবে রেখেছে বার্সেলোনা। আলভারেসকে পাওয়া কঠিন হওয়ায় আর্সেনালের গাব্রিয়েল জেসুসকে দলে ভেড়ানোর চেষ্টায় এগোচ্ছে বার্সেলোনা।







