ক্লপের জার্মানিতে নতুন চমক, একসঙ্গে দুই স্কোয়াড ঘোষণা

সংগৃহীত ছবি
জার্মানির জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করেছেন ইয়ুর্গেন ক্লপ। নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে দুটি আলাদা স্কোয়াডে মোট ৪৪ খেলোয়াড় রেখেছেন তিনি। এর মধ্যে ১৬ জন এখনো জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়।
সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে জার্মানি খেলবে চারটি ম্যাচ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস। নতুন খেলোয়াড়দের যত বেশি সম্ভব খেলার সুযোগ করে দিতেই দুটি স্কোয়াড ঘোষণা করেছেন ক্লপ।
তবে দলে জায়গা হয়নি ডেনিজ উন্দাভের। ফিটনেসজনিত কারণে তাকে রাখা হয়নি বলে জানিয়েছেন ক্লপ। এছাড়া লেরয় সানে ও অলিভার বাউমানও নেই দলে।
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন কোলনের সাইদ এল মালা, ফ্রেইবুর্গের ম্যাক্স রোজেনফেল্ডার, ফিলিপ ট্রয় ও ডেরি শেরহান্ট, সেল্টিকের মিকা বাউর, ব্রেন্টফোর্ডের ভিতালি ইয়ানেল্ট এবং এলভার্সবার্গের ফেলিক্স কেইডেল।
দুই স্কোয়াডে পাঁচ গোলরক্ষক রেখেছেন ক্লপ। বার্সেলোনা থেকে বর্তমানে আয়াক্সে ধারে থাকা মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে। তবে তিনি শুধু প্রথম স্কোয়াডেই আছেন।
অধিনায়ক জশুয়া কিমিখ দলে জায়গা ধরে রেখেছেন। তবে এবার তাকে মিডফিল্ডার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। জুলিয়ান নাগেলসমানের অধীনে মূলত রক্ষণভাগে খেলতেন কিমিখ।
এছাড়া করিম আদেয়েমি, আন্তন স্টাখ ও কেভিন শাডেকেও দলে ফিরিয়েছেন ক্লপ।
প্রথম স্কোয়াডটি নেদারল্যান্ডসের বিপক্ষে ২৪ সেপ্টেম্বরের ম্যাচ এবং গ্রিসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে ব্যবহার করা হবে। দ্বিতীয় স্কোয়াডটি সার্বিয়া ও গ্রিসের বিপক্ষে ম্যাচে খেলবে।
ফ্রাঙ্কফুর্টে সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘জাতীয় দলের হয়ে দুই সপ্তাহে চারটি ম্যাচ খেলা খুবই অস্বাভাবিক। এই সময়ে যত বেশি সম্ভব খেলোয়াড়কে চিনতে চাই। এটা এ-দল ও বি-দল নয়। বরং দুটি স্কোয়াড এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিটি দল একসঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে।’
জার্মানির প্রথম স্কোয়াড:
ফিন দাহমেন, আলেকজান্ডার নুবেল, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, হেনেস বেহরেন্স, ইয়ান বিসেক, নাথানিয়েল ব্রাউন, ম্যাক্স রোজেনফেল্ডার, নিকো শ্লটারবেক, জোনাথন টাহ, ফিলিপ ট্রয়, জোশা ভাগনোমান, নাদিয়েম আমিরি, বামবাসে কন্তে, ইয়ানিক এনগেলহার্ট, ক্রিস ফুয়েরিখ, সের্ঝ নাব্রি, লেনার্ট কার্ল, জশুয়া কিমিখ, জামাল মুসিয়ালা, ফেলিক্স নেমেশা, কেভিন শাডে, আন্তন স্টাখ, ইউনেস এবনুতালিব ও কাই হাভার্টজ।
জার্মানির দ্বিতীয় স্কোয়াড:
নোয়াহ আতুবোলু, ফিন দাহমেন, ইয়োনাস উরবিগ, ভালদেমার আন্তন, রিডলে বাকু, ফিন ইয়েলচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলশটাড্ট, ডেভিড রাউম, মালিক থিয়াও, করিম আদেয়েমি, মিকা বাউর, টম বিশফ, সাইদ এল মালা, ব্রাজান গ্রুডা, ভিতালি ইয়ানেল্ট, ফেলিক্স কেইডেল, আলেকজান্ডার পাভলোভিচ, ডেরি শেরহান্ট, ফ্লোরিয়ান ভির্টজ, জোনাথন বুরকার্ড্ট ও নিক ভল্টেমাডে।



