রিয়ালের ম্যাচে বল বিপত্তি, ৯ মিনিটে খেলা থামল ৫ বার!

সংগৃহীত ছবি
রিয়াল বেতিসের মাঠে অদ্ভুত এক কাণ্ডই ঘটল বল নিয়ে। বেতিস-রিয়াল মাদ্রিদের ম্যাচে প্রথম ৯ মিনিটেই খেলা থামল ৫বার। করতে হল বল বদলও। খেলোয়াড়দের দাবি, বলগুলোর একটিও ঠিকমতো ফোলা ছিল না, নরম হয়ে গিয়েছিল সব।
পুরো ঘটনাটিই ছিল যেন এক অবাস্তব নাটক। একের পর এক বল বদল করলেও হাওয়াহীন হয়ে পড়ছিল সবগুলো। একেবারে কোনো কারণ ছাড়াই। পুরোই তুলতুলে নরম! তাই খেলার প্রথম ৯ মিনিটে বল বদলানোর জন্য খেলা থামাতে হয়েছে অন্তত পাঁচবার।
এটি ম্যাচের গতি তো নষ্ট করেছেই, সেই সঙ্গে বিরক্ত হচ্ছিলেন গ্যালারির দর্শকরাও। খেলোয়াড়েরা খেলা থামিয়ে রেফারি এরনান্দেসের দিকে এগিয়ে যান আর হাতে বল চেপে ধরে দেখান আসল সমস্যাটা কোথায়। তাই মাঠের সব বল তুলে নিয়ে আবার নতুন করে হাওয়া দেওয়ার নির্দেশ দেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর অবশ্য সমস্যা হয়নি আর।
এ নিয়ে স্প্যানিশ দৈনিক ‘এএস’ লিখেছে,‘এই ভুলের পেছনে দায়ী প্রেশার মাপার যন্ত্রটি। হয়তো কোনো মানুষের ভুল, নয়তো যন্ত্রে ভুল তথ্য ইনপুট দেওয়া হয়েছিল, কিংবা যন্ত্রটাই খারাপ ছিল। পরে সব বল পরীক্ষা করে আবার মাঠে ফেরানো হলে আর কোনো সমস্যা হয়নি।’
ঘটনার শুরু কোর্তোয়াকে দিয়ে। নিজের সীমানায় বল ধরে তিনি সেটি বদলানোর অনুরোধ জানান। এর কয়েক সেকেন্ড পর ভিনিসিয়ুস এবং গুলেরও রেফারি এরনান্দেসের সামনে দেখান নরম বল।
রেফারি প্রথমে ভেবেছিলেন বল একদম ঠিক আছে এবং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে খেলোয়াড়দের চরম বিস্ময় দেখে তিনি সতর্ক হন এবং মাঠের পাশে গিয়ে কথা বলেন ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে। তখনই সব বল তুলে নিয়ে আবারও হাওয়া দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
গ্যালারিময় ছড়িয়ে পড়ে ফিসফাস আর হালকা হাসি। মাঠ ঘিরে মোট ১৩টি বল রাখা থাকে, আর মাঠে থাকে একটি—সব মিলিয়ে ১৪টি। কিন্তু সবকটি বলই ছিল হাওয়াহীন ও নরম। আর তাতেই মাঠে তৈরি হয় এক পরাবাস্তব মুহূর্ত!





