সুযোগ পেলেও ইয়ামালকে রিয়ালে নেবেন না মরিনহো

সংগৃহীত ছবি
বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে দলে নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। এমনকি ইয়ামালকে ট্রান্সফার মার্কেটে পাওয়া গেলেও তাকে দলে নেওয়ার চেষ্টা করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
মাত্র ১৯ বছর বয়সেই তিনটি লা লিগা, ইউরো ও বিশ্বকাপ জেতা ইয়ামাল গত মৌসুমে ৪৫ ম্যাচে মোট ৪২টি গোল ও অ্যাসিস্ট করেছেন। ২০২৬ ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিটও তিনি। এরপরও বার্সেলোনার এই সেনসেশনকে নিয়ে আগ্রহ নেই মরিনহোর।
স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিংগিতোকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামালকে রিয়ালে নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মরিনহো জবাব দেন, ‘না। সে অবশ্যই দারুণ খেলোয়াড়, অসাধারণ সম্ভাবনাময় তরুণ। এত কম বয়সে ইউরোপ ও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া স্বাভাবিক নয়। কিন্তু আমাদের দলে দুর্দান্ত সব খেলোয়াড় আছে। আমি কারও জন্য জায়গা তৈরি করব না। এখন এরাই আমার ছেলে আর আমার খেলোয়াড়েরাই সেরা।’
নিজেদের দল নিয়ে মরিনিওর আত্মবিশ্বাসের বড় কারণ রিয়ালের বড় বিনিয়োগ। আরবি লাইপজিগ থেকে ইয়ান দিয়োমান্দেকে ১৪ কোটি ইউরোতে দলে ভিড়িয়েছে রিয়াল। আইভরি কোস্টের এই তারকাকে এবার ডান প্রান্তে খেলানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বাঁ প্রান্তে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র।
দিয়োমান্দেকে দলে নেওয়ার ব্যাখ্যায় মরিনহো বলেন, ‘দ্রুতগতির, আক্রমণাত্মক এবং দুই প্রান্তেই খেলতে পারে এমন উইঙ্গার খুঁজে পাওয়া সহজ নয়। তার ওপর সে তরুণ, উন্নতির অনেক সুযোগ আছে এবং রিয়ালে তার সামনে অনেক বছর পড়ে আছে। আমি খেলোয়াড়ের ধরন ও সে আমার দলে কী দিতে পারে সেটি বিশ্লেষণ করি। এরপরই দিয়োমান্দেকে দলে নিতে চাই আমি।'






