বিশ্বকাপের বাকি ১৪ দিন
এক ম্যাচে ৫ গোলে সালেনকোর কীর্তি

সংগৃহীত ছবি
১৯৯৪ বিশ্বকাপের রাশিয়া-ক্যামেরুন ম্যাচে হয়েছিল এমন এক রেকর্ড, এত বছরেও যা ভাঙতে পারেননি কেউই। রাশিয়ার ওলেগ সোলেনকো সেই ম্যাচে একাই করেছিলেন ৫ গোল! বিশ্বকাপের ইতিহাসের এটাই এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড।
ক্যামেরুনের বিপক্ষে সেই ম্যাচে ৬-১ গোলে জিতেছিল রাশিয়া। সেই ম্যাচে সোলেনকো একাই করেছিলেন ৫ গোল। নিজের ক্যারিয়ারে এই একটি বিশ্বকাপই খেলেছিলেন তিনি। সেই আসরে মোট ৩ ম্যাচে সোলেনকো পেয়েছেন ৬ গোল। সেই আসরে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার খেতাবও জিতেছিলেন এই ফরোয়ার্ড।
এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের তালিকায় সোলেনকোর পরে আছে পোল্যান্ডের আরনেস্ট উইলিমসকি, ফ্রান্সের জাস্ট ফন্টেইন, হাঙ্গেরির সান্দোর কোসিস ও ব্রাজিলের অ্যাডেমির মেনেজেস।
আরনেস্ট উইলিমসকি ১৯৩৮ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে চার গোল করেছিলেন। সেই ম্যাচে অবশ্য ৬-৫ গোলে হেরেছিল তার দল।
ফন্টেইন ১৯৫৮ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে করেন চারটি গোল। ১৯৫৪ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোসিস পেয়েছিলেন চার গোলের দেখা। সেই বিশ্বকাপে তিনি করেন ১১ গোল।
১৯৫০ বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে মেনেজেস করেন চার গোল। ওই বিশ্বকাপে তিনি করেন ৯ গোল।






