ব্যালন ডি’ অর
মেসি নয়, দে লা ফুয়েন্তের পছন্দ অন্য কেউ

সংগৃহীত ছবি
ফুটবল ও ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অবদানকে অসাধারণ বলে অভিহিত করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, মাঠের পারফরম্যান্সের বাইরেও মানবিক ও ক্রীড়াসুলভ নানা গুণের অনন্য উদাহরণ মেসি। ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার গ্রহণের সময় আর্জেন্টাইন তারকাকে নিয়ে এমন প্রশংসা করেন স্পেন কোচ। একইসঙ্গে ব্যালন ডি’ অর নিয়ে নিজের পছন্দের কথাও জানিয়েছেন তিনি।
স্পেনের ওভিয়েদো শহরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দে লা ফুয়েন্তে বলেন, ‘বিশ্বপর্যায়ের এত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা আমার জন্য সম্মানের। আজ ওভিয়েদো শুধু খেলাধুলা ও ফুটবলের নয়, অন্যান্য ক্ষেত্রেরও মনোযোগের কেন্দ্রবিন্দু। এটা সব স্প্যানিশ নাগরিকের জন্য গর্বের।’
মেসির ক্যারিয়ার ও অবদান নিয়ে স্পেন কোচ বলেন, ‘আমার বিশ্বাস, ক্রীড়া ও ফুটবলের ইতিহাসে মেসি যে উত্তরাধিকার রেখে যাচ্ছেন তা অসাধারণ। মানবিক ও ক্রীড়াসুলভ নানা গুণের দৃষ্টান্ত তিনি। তার মতো মাপের ব্যক্তিত্বদের এমন সম্মাননা দেওয়া সব সময়ই মর্যাদার বিষয়।’
আলোচনায় উঠে আসে ব্যালন ডি’অরও। সম্ভাব্য বিজয়ীদের মধ্যে নিজের পছন্দের নাম প্রকাশ না করলেও পুরস্কারটি কোনো স্প্যানিশ ফুটবলারের হাতে উঠলে খুশি হবেন বলে জানিয়েছেন দে লা ফুয়েন্তে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন লামিন ইয়ামালও।
মেসির প্রতি শ্রদ্ধা জানালেও ব্যালন ডি’অরের জন্য আর্জেন্টাইন তারকাকে বেছে নিতে রাজি হননি স্পেন কোচ। তিনি বলেন, ‘না, না, না... কোনো স্প্যানিশ খেলোয়াড় ব্যালন ডি’অর জিতলে আমি সব সময়ই খুশি হব।’
সবশেষে স্পেনের বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইউরোপীয় ও বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা এই প্রজন্ম ভবিষ্যতে বড় স্বীকৃতি পেতে পারে বলে মনে করেন দে লা ফুয়েন্তে।



