চ্যাম্পিয়নস লিগ
অতিরিক্ত আত্মবিশ্বাসী না হতে এনরিকের সতর্কবার্তা

সংগৃহীত ছবি
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশনে এবার মাঠে নেমেছেন তারা। চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমেও পিএসজি আছে দুর্দান্ত ফর্মে। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে কোচ লুইস এনরিকে অবশ্য দলকে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে সতর্ক করেছেন।
দারুণ ছন্দে ছুটছে পিএসজি। সবশেষ দুই রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে তারা। টানা তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে আছে পিএসজি।
স্কোয়াডের শক্তির বিচারে স্প্যানিশ দলটি অনেক পিছিয়ে থাকলেও, তাদের বিপক্ষে লড়াইকে হালকাভাবে দেখতে চান না এনরিকে। গত রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ভিয়ারিয়ালের পারফরম্যান্স তুলে ধরেন তিনি।
ভিয়ারিয়াল ম্যাচের আগে তাই দলকে আত্মতুষ্টিতে না ভুগে, নিজেদের সেরাটা মেলে ধরার বার্তা দিলেন এনরিকে, ‘কেউ যদি ভাবে, এখন পর্যন্ত আমরা যে ফল পেয়েছি, সেটাই আমাদের এই ম্যাচ জিতিয়ে দেবে, তাহলে সে ভুল করছে। সেই তাড়না যদি না থাকে, তাহলে ম্যাচ জেতা অসম্ভব হবে। সংকল্প এবং ম্যাচ জুড়ে দৌড়ানোর সক্ষমতা থাকতে হবে।'
এনরিকে আরও জানান, ‘আমাদের সামনে এক শক্তিশালী ভিয়ারিয়াল দল, যারা এখন পর্যন্ত কঠিন সব ম্যাচ খেলেছে। তারা খুব ভালো একটা দল, এবং তাদের খুব ভালো একজন কোচ আছে।‘
ইনিগো পেরেসের অধীনে তিন ম্যাচের একটি জিতে ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের টেবিলে ১৯ নম্বরে আছে ভিয়ারিয়াল। আর লা লিগায় তারা আছে নবম স্থানে।
দলটির বিপক্ষে জিততে হলে কী করতে হবে, সেটাও জানালেন এনরিকে, ‘প্রথম মিনিট থেকেই আমাদের দেখাতে হবে যে, আমরা প্রস্তুত এবং আমাদের মধ্যে জয়ের তাড়না আছে। এই ম্যাচে পেছনের কোনো ফল কোনো কাজে আসবে না।‘
আজ রাত দুইটায় শুরু হবে পিএসজি-ভিয়ারিয়াল ম্যাচটি।



