পিএসজি-বার্সার ‘ব্লকবাস্টার’

চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপায় চোখ পিএসজির। টানা দুবারের চ্যাম্পিয়নদের এবারও শুরুটা হয়েছে বিধ্বংসী। ব্রাতিস্লাভাকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার পর ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে তারা হারায় ৪-২ গোলে। দুই ম্যাচে ১০ গোলই বোঝায় লুইস এনরিকের দলের সামর্থ্য।
পিএসজির মতো গোল উৎসবে মেতেছে বার্সেলোনাও। লা লিগায় টানা ৯ জয়ে তাদের গোল ৩৯টি। চ্যাম্পিয়নস লিগে প্রথম দুই ম্যাচেও গোল ৯টি। ফেইনুর্দকে ৫-১-এ হারানোর পর হান্সি ফ্লিকের দল গোলের ফুল ফোটায় গালাতাসারাইয়ে ‘নরকে’ও। তুরস্কের ক্লাবটিকে হারায় ৪-১ ব্যবধানে। আক্রমণাত্মক ফুটবলে গোলবন্যা বইয়ে দেওয়া পিএসজি ও বার্সেলোনা আজ চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি পার্ক দে প্রিন্সেসে। লিগ পর্বের শীর্ষস্থানও নিশ্চিত হতে পারে এই ম্যাচের ফলে।
এ ছাড়া আজ চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হচ্ছে লিভারপুল-ভিয়ারিয়াল, ম্যানচেস্টার সিটি-এইকে এথেন্স, স্টুটগার্ট-আতলেতিকো ও নাপোলি-বোডো/গ্লিমট। প্রিমিয়ার লিগে ৫ নম্বরে থাকলেও লিভারপুল চ্যাম্পিয়নস লিগে জিতেছে প্রথম দুই ম্যাচ। জার্মান বুন্দেসলিগার দল স্টুটগার্টও জয় পেয়েছে টানা দুটি। আর ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে জিতেছে টানা সাত ম্যাচ। আজও নিজেদের সেরাটা খেলতে চাইবে তারা।
জমজমাট এসব ম্যাচের ভিড়েও পিএসজি-বার্সার লড়াইটা ব্লকবাস্টার। ২০১৬-১৭ মৌসুমের শেষ ষোলোতে ফিরে অাসার অমর মহাকাব্য লিখেছিল বার্সেলোনা। প্রথম লেগে পিএসজি জিতেছিল ৪-০ গোলে। ফিরতি লেগে ৬-১ ব্যবধানে জিতে সব মিলিয়ে ৬-৫ ব্যবধানে পরের রাউন্ডের টিকিট কাতালানদেরই। রুদ্ধশ্বাস সেই ম্যাচে ৮৮ ও ৯০ (+১) মিনিটে নেইমারের জোড়া গোলের পর ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে সার্জিও রবার্তোর লক্ষ্যভেদে বুক ভাঙে পিএসজির। ২০২৩-২৪ সালের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে পিএসজির অগ্রগামিতা ছিল ৬-৪ গোলের। সর্বশেষ দেখায় গত মৌসুমে দ্বিতীয় রাউন্ডে (গ্রুপ পর্ব) পিএসজি জিতেছিল ২-১ ব্যবধানে। আক্রমণাত্মক দুদলের এমন ‘ক্লাসিক’ কিছুর অপেক্ষাতেই প্যারিস।




