কঠিন সময়ে আলভারেসের পাশে দাঁড়ালেন সিমিওনে

সংগৃহীত ছবি
আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের ক্ষোভের মুখে পড়া হুলিয়ান আলভারেসের পাশে দাঁড়িয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আলভারেসকে দুয়ো ও বাঁশি শুনতে হয়েছে। এদিকে এই তারকার পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে আর্সেনাল ও বার্সেলোনা। দল দুটি ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিজেদের আক্রমণভাগে যুক্ত করতে চান।
বিশ্বকাপের সময় বার্সেলোনায় যোগ দেওয়াকে নিজের স্বপ্ন বলে প্রকাশ্যে মন্তব্য করার পর থেকেই আতলেতিকোতে অনেকটা একঘরে হয়ে পড়েছেন আলভারেস। রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে আতলেতিকোর সমর্থকেরা তাকে ব্যাপকভাবে দুয়ো দেন। ম্যাচটিতে শেষ পর্যন্ত নাটকীয় এক গোলে সমতায় ফেরে আতলেতিকো।
ম্যাচের আগে ওয়ার্মআপের সময়ই আলভারেসকে উদ্দেশ করে গ্যালারি থেকে তীব্র দুয়ো দেওয়া হয়। বদলি খেলোয়াড়দের তালিকায় তার নাম ঘোষণার সময়ও শোনা যায় বিদ্রুপ। আর ৬৬ মিনিটে মাঠে নামার পর তাকে উদ্দেশ করে আরও জোরালোভাবে বাঁশি বাজান সমর্থকেরা। ম্যাচ শেষে সতীর্থরা মাঠে থাকলেও আলভারেস একাই সোজা ড্রেসিংরুমের দিকে চলে যান।
এমন পরিবেশের মধ্যেও সিমিওনে মনে করছেন ক্লাব ও সমর্থকদের উচিত দলের এই তারকার পাশে দাঁড়ানো। এই আর্জেন্টাইন কোচ ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আলভারেসের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, ‘আমাদের স্ট্রাইকার দরকার, ভালো স্ট্রাইকার দরকার। আমাদের কাছে আলভারেস আছে, তাই তাকে দেখভাল করতে হবে। আমার মনে হয় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সে আমাদের দলের সঙ্গে আছে এবং যত দিন সে এখানে থাকবে আমরা তাকে সমর্থন করব। আমরা তার জন্য সেরাটাই চাই কারণ আমরা জানি সে কী অবদান রাখতে পারে। পরিস্থিতিটা সবার জন্যই অস্বস্তিকর। তবে আশা করি মৌসুম শেষে এর সমাধান হবে।‘
আতলেতিকো লা লিগার প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে আলভারেসকে বিক্রি করতে রাজি নয়। এরই মধ্যে মাদ্রিদে সমর্থকদের ক্ষোভও আলভারেসের ওপর বেড়েছে। এমন পরিস্থিতিতে আলোচনায় ঢুকেছে আর্সেনাল। দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে আর্সেনাল একজন মানসম্মত ফরোয়ার্ড দলে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আলভারেসের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খবর রাখছে।






