সাফে বড় ধাক্কা খেল বাংলাদেশ

সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে উড়ছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফের সেমিতে জায়গা করে নিয়েছে হামজা চৌধুরীর দল। তবে এই আনন্দের মধ্যেই এলো দুঃসংবাদ। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার কারণে নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে।
পরীক্ষার পর জানা যায়, সাদের গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার লাগবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে জানা গেছে, সাফে আর খেলা হচ্ছে না তার। শুধু তাই নয়, জামাল ভুঁইয়া আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আশংকা প্রকাশ করেন, প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন সাদ। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও ভূমিকা রেখেছেন তিনি। তার ছিটকে যাওয়ায় দলের রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে কোচ টমাস ডুলিকে।
ম্যাচ শেষে সাদের চোট নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন কোচ ডুলি। আশঙ্কা করেছিলেন, এই টুর্নামেন্টে আর তাকে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত কোচের সেই আশঙ্কাই সত্যি হলো।
সাদের ইনজুরির মধ্যে অবশ্য স্বস্তির খবরও আছে। চোট কাটিয়ে প্রায় ফিট হয়ে উঠেছেন তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। আজ দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করেছেন দুজন।



