নতুন গোলকিপার কিনল বার্সেলোনা

সংগৃহীত ছবি
দলবদলের শেষ মুহূর্তে নতুন কিপার কিনল বার্সেলোনা। তুরস্কের ক্লাব ফেনারবাচে ছেড়ে বার্সায় যোগ দিয়েছেন ৩১ বছর বয়সী ক্রোয়াট গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, ক্রোয়েশিয়ার এই অভিজ্ঞ কিপারকে দলে ভেড়াতে প্রাথমিকভাবে ২০ লাখ ইউরো খরচ করছে বার্সেলোনা। বিভিন্ন শর্ত আর পারফরম্যান্স বোনাস মিলিয়ে আরও ২০ লাখ ইউরো যুক্ত হতে পারে, যার ফলে সম্পূর্ণ চুক্তির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ ইউরোতে।
বার্সেলোনা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ফেনারবাচের সঙ্গে আমাদের চূড়ান্ত সমঝোতা হয়েছে। ক্রোয়েশিয়ান গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চার মৌসুমের জন্য বার্সেলোনায় সই করেছেন।’
এই সপ্তাহের শুরুতেই কাতালোনিয়ায় পৌঁছান লিভাকোভিচ। সেখানে মেডিকেল পরীক্ষা ও দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
হান্সি ফ্লিকের দলে শুরুতে অবশ্য ব্যাকআপ গোলকিপারের ভূমিকা পালন করতে হবে লিভাকোভিচকে। পোস্টের নিচে প্রথম পছন্দ হিসেবে নিজের জায়গা শক্ত করে রেখেছেন তরুণ হোয়ান গার্সিয়া। এতে কিছুটা বিপাকে পড়তে হচ্ছে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ পোলিশ গোলকিপার শেজনিকে, ক্লাবে নিজের শেষ বছরে তিনি হয়তো পরিণত হবেন তৃতীয় পছন্দের গোলকিপারে।
এদিকে স্কাই স্পোর্টস জানিয়েছে, পিএসজি থেকে লিভারপুলে আসতে পারেন ফ্রেঞ্চ তারকা ফুটবলার ব্র্যাডলি বারকোলা। ১২০ মিলিয়ন পাউন্ডে এই দলবদলের চুক্তি চূড়ান্ত হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।







