সাফ ২০২৬
জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর আশা ডুলির

সংগৃহীত ছবি
আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু করবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ কোচ থমাস ডুলি বলছেন, পূর্ণ তিন পয়েন্ট নিয়েই সাফের যাত্রা শুরু করতে চান তিনি।
সোমবার অনুশীলন শুরুর আগে টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের লক্ষ্যের কথা জানান বাংলাদেশ কোচ। ভুটান ম্যাচের প্রস্তুতি ও কৌশল নিয়ে জানতে চাইলে ডুলি বলেন, ‘সাফ শুরু হওয়ার আগে আমাদের হাতে আরও দুই দিন সময় রয়েছে। তবে আমাদের পরিকল্পনা একেবারেই পরিষ্কার। আমরা ম্যাচটি জিততে চাই। এই ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করাই আমাদের লক্ষ্য। তা বাস্তবায়নে দল সর্বাত্মক চেষ্টা করবে।’
ম্যাচের কৌশল আগেভাগে প্রকাশ করতে চান না ডুলি, ‘আমরা মাঠে কীভাবে খেলব, তা কি আগেই প্রকাশ করা সম্ভব? ভুটান দলকে নিয়ে আপনারা নিশ্চয়ই আলাদা মূল্যায়ন করছেন। তাদের কথা তাদেরকেই বলতে দেওয়া ভালো।’
টুর্নামেন্ট শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন এনেছেন ডুলি, এনেছেন তাজ ও আব্দুল্লাহকে। তিনি বলেন, ‘সাফের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই ২৮ সদস্যের চূড়ান্ত তালিকা জমা দিতে হয়। সেই সময়সীমা পার হওয়ার পর নতুন কাউকে নেওয়ার আর কোনো সুযোগ থাকে না। এখন আমার মূল কাজ, বর্তমান স্কোয়াড ও সার্বিক পরিস্থিতি সামলে মাঠে সেরা পথটি খুঁজে বের করা।’
দল পরিবর্তন নিয়ে চলা গুঞ্জনের প্রসঙ্গেও কথা বলেন ডুলি। তার ভাষায়, ‘নিয়মের কারণে এখন আমাদের হাত বাঁধা, নতুন করে কিছু করার সুযোগ নেই। সাফের এ ধরনের নিয়মকানুন সবারই ভালোভাবে জেনে রাখা উচিত। তাই এ বিষয়ে বাড়তি কোনো মন্তব্য করার সুযোগ নেই।’
এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানকে শেষ মুহূর্তে চোটের কারণে না পাওয়াকে দলের জন্য বড় ক্ষতি হিসেবেই দেখছেন ডুলি। এখন দলের মধ্য থেকেই একজনকে ‘নম্বর নাইন’ হিসেবে তৈরি করার পরিকল্পনা তার, ‘আমারও তা-ই মনে হয়। এখন বিকল্প বলতে দলের মধ্যে যারা আছে, তাদের মধ্য থেকেই আমাদের একজন নম্বর নাইন তৈরি করতে হবে।’
এর আগে প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন ম্যাচ খেলার কথা জানিয়েছিলেন কোচ। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। কারণ, তখনও কয়েকজন খেলোয়াড় চোটে ছিলেন। পূর্ণাঙ্গ দল না পাওয়ায় ম্যাচ খেলার ঝুঁকি নিতে চাননি ডুলি।
এ প্রসঙ্গে ডুলি বলেছেন, ‘না, ম্যাচ খেলা হচ্ছে না। কারণ, তখনও কয়েকজন খেলোয়াড় চোটে ছিল। সবাই দলে ছিল না, আমাদের পূর্ণাঙ্গ দলও তৈরি হয়নি। তাই আমরা অনুশীলনে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি, যেন তারা চোটে না পড়ে।’



