আলভারেস-আতলেতিকো দ্বন্দ্বে কার লাভ, কার ক্ষতি

আধুনিক ফুটবলে খেলোয়াড়দের দলবদল নিয়ে নাটক নতুন কিছু নয়। তবে বর্তমান সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের আতলেতিকো মাদ্রিদ ছাড়ার ইচ্ছা এবং ক্লাবটির সঙ্গে তার চলমান দ্বন্দ্ব ফুটবল বিশ্বে এখন অন্যতম বড় আলোচনার বিষয়। বিশ্লেষকেরা বলছেন, আতলেতিকো বনাম আলভারেসের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না।
আলভারেসের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের চুক্তি রয়েছে ২০৩০ সাল পর্যন্ত। কোনো খেলোয়াড় রাতারাতি নিজের ইচ্ছামতো ক্লাব ছেড়ে চলে যেতে পারেন না, বিশেষ করে যখন তাকে দলে ভেড়াতে ক্লাব বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে এবং চুক্তিতে বড় রিলিজ ক্লজ রাখা হয়েছে। আর্জেন্টাইন সাংবাদিক হার্নান ফেলের মনে করেন, কোনো খেলোয়াড়কে কেউ মাথায় বন্দুক ঠেকিয়ে চুক্তি সই করায় না। উভয় পক্ষের সম্মতিতে এবং দীর্ঘ দেনদরবারের পরেই একটি চুক্তি চূড়ান্ত হয়। আতলেতিকো মাদ্রিদ তাদের অর্থনৈতিক ও ক্রীড়া পরিকল্পনা অনুযায়ী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন দেখছে। এমন অবস্থায় দলের অন্যতম সেরা অস্ত্র আলভারেসকে তারা কোনোভাবেই সহজে ছাড়তে নারাজ। ক্লাব নিজেদের সম্পদ ও স্বার্থ রক্ষা করবে—এটাই স্বাভাবিক। অন্যদিকে আলভারেস এমন কোনো ক্লাবে যেতে চান, যেখানে তিনি আরও বেশি উন্নতি করতে পারবেন এবং নিজের সেরাটা দিতে পারবেন।
আর্জেন্টাইন তারকার এই মনোভাবের পেছনে রয়েছে আতলেতিকোর জার্সিতে গত মৌসুমে তুলনামূলক কম সুযোগ পাওয়া এবং দিয়েগো সিমেওনের ট্যাকটিক্যাল বা খেলার স্টাইলের সঙ্গে বনিবনা না হওয়া। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছেন আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওন। একদিকে তিনি যেমন খেলোয়াড়ের মানসিকতা ও ক্যারিয়ারের চাহিদা বুঝতে পারছেন, অন্যদিকে ক্লাবের স্বার্থও রক্ষা করতে হচ্ছে। সিমেওন নিজেই বলেছেন, তিনি আলভারেসকে কেন্দ্র করেই দল সাজাচ্ছেন। এই দ্বন্দ্বের শেষ পরিণতি কী হতে পারে? হার্নান ফেলের মনে করেন, এই পরিস্থিতি কোনো পক্ষকেই সুবিধা দিচ্ছে না। এতে একদিকে যেমন খেলোয়াড়ের বাজারমূল্য কমছে, অন্যদিকে ক্লাবও অস্বস্তিতে পড়ছে। সমস্যার একটি সম্ভাব্য সমাধান হতে পারে হুলিয়ানকে বিক্রি করে দেওয়া। তবে সেটি বার্সেলোনার মতো সরাসরি প্রতিদ্বন্দ্বী কোনো ক্লাবের কাছে নয়, বরং আর্সেনালের মতো আগ্রহী অন্য কোনো ক্লাবের কাছে। তবে দিনশেষে ফুটবলে চুক্তি কেবল কাগজে-কলমে নয়, এর যথাযথ সম্মান উভয় পক্ষকেই বজায় রাখতে হয়।
- টিওয়াইসি স্পোর্টস অবলম্বনে








