বাংলাদেশ ফুটবল লিগ
ওয়ান্ডারার্সের জালে মোহামেডানের গোল উৎসব

সংগৃহীত ছবি
বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দাপট থামছেই না। মাঠে নামলেই জয়, সঙ্গে গোলের বন্যা। এবার ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে সাদা-কালো জার্সিধারীরা। মুন্সীগঞ্জের শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পুরো ম্যাচেই আধিপত্য ছিল তাদের।
চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। শীর্ষে থাকা পুলিশ এফসির সঙ্গে ব্যবধান মাত্র এক পয়েন্টের। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া পুলিশ আজ পিডব্লুডিকে ১-০ গোলে হারিয়েছে। এক ম্যাচ কম খেলে শীর্ষস্থান দখলের দৌড়ে ভালোভাবেই টিকে আছে মোহামেডান।
ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথমার্ধে এক গোল পেলেও বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে দেয় মোহামেডান। ২৯ মিনিটে সুলেমান দিয়াবাতের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন শাহরিয়ার ইমন। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাদা-কালোরা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যেন আরও ভয়ংকর হয়ে ওঠে মোহামেডান। পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে প্রতিপক্ষের ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ করে দেয় তারা।
৫২ মিনিটে শাহরিয়ার ইমনের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে। চার মিনিট পর তার পাসেই গোল করেন মোজাফফরভ। তাতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান।
এরপরও আক্রমণ থামেনি মোহামেডান। ওয়ান্ডারার্সের রক্ষণকে ব্যস্ত রেখে একের পর এক আক্রমণ চালিয়ে যায় তারা। ম্যাচের ৮৬ মিনিটে আরিফ হোসেনের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।
এদিকে দিনের অন্য ম্যাচে আরামবাগকে ৪-০ গোলে হারিয়েছে সিটি ক্লাব। শায়েক দোস্ত করেছেন জোড়া গোল। অন্য দুই গোলদাতা ওনিয়েকাচি ওকাফোর ও এনামুল ইসলাম গাজী। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে পাওয়া এই জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ক্লাব।



