মেসিও যা পারেননি
৩৪ বছর পরও আলোচনায় ‘ভুতের গায়ে ধাক্কা লেগে গোল’

আধুনিক ফুটবলে ভিএআর এবং অসংখ্য ক্যামেরার যুগে এমন ঘটনা কল্পনাও করা কঠিন। কিন্তু ১৯৯২ সালের আর্জেন্টাইন ফুটবলে ঘটেছিল ঠিক তেমনই এক অবিশ্বাস্য ঘটনা। বাইরে থেকে নেওয়া শট বলের গতিপথ বদলে জালের ছিদ্র গলে ভেতরে ঢুকে গেলেও তা গোল হিসেবে গণ্য হয়েছিল! ৩৪ বছর পর মারিয়ানো দাল্লা লিবেরার সেই ‘ভুতুড়ে গোল’ আজও আর্জেন্টিনার ফুটবলে আলোচনার খোরাক জোগায়।
১৯৯২ সালের ১১ অক্টোবর। পার্ক পাত্রিসিওসের টমাস এ দুকো স্টেডিয়ামে টুর্নামেন্ট অ্যাপার্তুরার দশম রাউন্ডের ম্যাচে হিম্নাসিয়া লা প্লাতার মুখোমুখি হয়েছিল হুরাকান। গিলের্মো ব্যারোস শেলোত্তোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল হিম্নাসিয়া। সমতা ফেরাতে মরিয়া হুরাকানের হয়ে ৩০ গজেরও বেশি দূর থেকে ডান পায়ে নিচু ও জোরালো শট নেন মারিয়ানো দাল্লা লিবেরা। বলটি গোলরক্ষক হের্নান ক্রিস্তান্তের ডান পোস্টের পাশ ঘেঁষে গিয়ে বাইরের টেনসরে লাগে এবং জাল ছিঁড়ে ভেতরে প্রবেশ করে!
মাঠে থাকা কেউই বিষয়টি বুঝতে পারেননি। রেফারি হুয়ান বাভা মাঝমাঠের দিকে ইশারা করেন, দাল্লা লিবেরা সতীর্থদের নিয়ে উল্লাসে মাতেন এবং হিম্নাসিয়ার খেলোয়াড়েরা খেলা শুরু করার প্রস্তুতি নেন। তখনকার জনপ্রিয় অনুষ্ঠান ‘ফুতবোল দে প্রিমেরা’-র ধারাভাষ্যকারও এটিকে দারুণ এক গোল হিসেবেই বর্ণনা করেছিলেন। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়; হুরাকানের হয়ে পরের গোলটি করেন হুগো মোরালেস এবং হিম্নাসিয়ার হয়ে সমতা ফেরান পাবলো বেঙ্গোচেয়া। ম্যাচের কয়েক ঘণ্টা পর টেলিভিশন রিপ্লেতে ধরা পড়ে আসল রহস্য—বলটি আসলে সরাসরি গোলে ঢোকেনি, জালের ফাঁক গলে ভেতরে গিয়েছিল। ম্যাচ শুরুর আগে জাল পরীক্ষা করার প্রথাগত নিয়মে সেদিন ত্রুটি থাকায় এমন কাণ্ড ঘটেছিল। সেই রাতেই ‘ফুতবোল দে প্রিমেরা’ অনুষ্ঠানে হাজির হয়ে বিশাল পর্দার সামনেও নিজের গোলটি নিয়ে অদ্ভুত যুক্তি তুলে ধরেছিলেন রসিক স্বভাবের দাল্লা লিবেরা।
সঞ্চালক এনরিকে মাকাইয়া মার্কেজ ও ধারাভাষ্যকার মার্সেলো আরাউহো যখন বলের গতিপথ নিয়ে প্রশ্ন তোলেন, তখন দাল্লা লিবেরা রসিকতা করে বলেন, ‘বল কোন পাশে? ভেতরের দিকে না? এটা ক্যামেরার কারসাজি। ভেতর থেকেই ঢুকেছে। কীভাবে পেছনে বাউন্স করবে? নিশ্চয়ই কোনো গোলচত্বর ঘুরে এসেছে!’ মাকাইয়া যখন টেনসরে লাগার কথা বলেন, তখন তাঁর পাল্টা প্রশ্ন ছিল, ‘কীসে ধাক্কা খেয়েছে, কোনো ভূতের গায়ে?’
৩৪ বছর পর ‘ইনফোবায়ে’-কে দেওয়া সাক্ষাৎকারে অতীতের সেই ঘটনা নিয়ে খোলামেলা রসিকতা করেছেন দাল্লা লিবেরা। তাঁর ভাষায়, ‘কেউই বুঝতে পারেনি—প্রতিপক্ষও না, আমার সতীর্থরাও না। উদ্যাপনের সময় একজনও কানে কানে এসে বলেনি, ভাই, বল তো বাইরে দিয়ে গিয়েছিল!’ পরবর্তী সময়ে মেক্সিকোর ক্লাব তোলুকায় তৎকালীন গোলরক্ষক হের্নান ক্রিস্তান্তের সঙ্গে সতীর্থ হিসেবে খেলেছেন দাল্লা লিবেরা। সেসব দিনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমি ওকে খেপাতাম, বলতাম—দেখেছ, গোলবারে কেন সবচেয়ে বোকা লোকটাকে রাখা হয়? বাইরে দিয়ে গোল খেয়েও টের পায় না! ও হাসত। দারুণ মানুষ ছিল।’
মাঠকর্মীর সঙ্গে কথা বলে পরে অবশ্য নিজেও স্বীকার করেছিলেন যে পোস্টের গোড়ার লাল রঙের ওপর দিয়ে বল গিয়েছিল এবং জালে ছোট্ট একটি ফাঁক ছিল। তবুও নিজের স্বভাবসুলভ রসবোধ ধরে রেখে লিওনেল মেসির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘ভুলে যাও, এমন গোল আর কেউ করেনি—মেসিও না। এসব ভাবলে নিজেকে মেসির মতোই মনে হয়! আমি ওকে কতটা সম্মান করি! আগে পোপ, তারপর মেসি।’






