মেসিকে দেখতে নিজের হাত কাটলেন ভক্ত!

সংগৃহীত ছবি
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে লিওনেল মেসি এখন স্পেনে। ওবিয়েদো শহরে স্ত্রী আন্তোনেলাকে নিয়ে সময় কাটাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। আর্জেন্টাইন মহাতারকাকে একনজর দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন তার ভক্তরা। এক ভক্ত তো অফিস থেকে ছুটি নিতে নিজের হাত নিজেই কেটে ফেলেছেন!
হাজারো ভক্তের উল্লাস আর করতালিতে মেসিকে স্বাগত জানিয়েছে সেখানে থাকা তার ভক্তরা। সকাল সাতটার দিকে সেখানে পৌঁছে হোটেল দে লা রেকনকিস্তায় ওঠেন মেসি।
কিছুক্ষণের মধ্যেই হোটেলের প্রধান প্রবেশপথ ভরে যায় ভক্ত ও সাংবাদিকদের ভিড়ে। কক্ষে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কালো রঙের আনুষ্ঠানিক পোশাক পরে বাইরে বেরিয়ে আসেন মেসি।
ভক্তদের সঙ্গে ছবি তুলতে শুরু করেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার জার্সি, পতাকাসহ নানা জিনিসে অটোগ্রাফ দেন তিনি। ভক্তদের থেকে অনেক উপহারও পেয়েছেন এই ফুটবল জাদুকর। এর মধ্যে ছিল আর্জেন্টিনার মিষ্টি ও কর্নস্টার্চ দিয়ে তৈরি আলফাখোরেস নামের বিশেষ বিস্কুটের একটি ট্রে।
শহরের কেউই মেসিকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি। টিওয়াইসি তাদের প্রতিবেদনে লিখেছে, মেসিকে কাছ থেকে দেখার জন্য যেন কাজে যেতে না হয়, সেজন্য ইচ্ছা করে নিজের হাতে কেটেছেন এক তরুণ!
স্পোর্টস প্যালেসে শিক্ষার্থী শিশু-কিশোরদের সঙ্গে মতবিনিময় করবেন মেসি। সন্ধ্যায় স্পেনের রাজা ও রানির পাশাপাশি পুরস্কারের অন্য বিজয়ীদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তিনি।
হোটেলে পুরস্কারের অন্য বিজয়ীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন মেসি। সেখানে আস্তুরিয়াসের রাজকুমারী লিওনর দে বোরবন ই ওর্তিথ তাকে স্মারক পিন উপহার দেবেন।
আজ বিকালে ওবেইদোর কাম্পোয়ামোর থিয়েটারে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন মেসি। বর্ণাঢ্য ক্রীড়া ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বের সবচেয়ে অসহায় শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে তার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
এই সম্মাননা পাবেন ভেবেই ভালো লাগছে মেসির। এমন মুহূর্তে স্মরণ করছেন প্রয়াত বাবাকে, ‘সত্যি বলতে, আমি খুব খুশি। আসলে, এই পুরস্কার নিয়ে আমার বাবা খুবই রোমাঞ্চিত ছিলেন। আমার অনেক ম্যাচের কারণে এখানে আসা কঠিন হবে, সেটা আমরা জানতাম। কিন্তু বাবা বারবার জোর দিচ্ছিলেন, যেন আমরা আসি এবং আমি এখানে এসে এই কটা দিন কাটাই ও পুরস্কারটি গ্রহণ করি।
মেসি আরও বলেন, ‘একজন মানুষ মাঠে যা করে কিংবা পেশাদার ক্যারিয়ারে আমি যা করেছি, এই পুরস্কার তার চেয়েও বেশি কিছুর স্বীকৃতি। সত্যি বলতে, আমি এই স্বীকৃতি পেলে তিনি খুব খুশি হতেন। তাই আমি নিশ্চিত, তিনিও এখন এটি উপভোগ করছেন।‘
অনুষ্ঠান শেষ করেই নিউইয়র্কের উদ্দেশে বিমানে উঠবেন মেসি। সেখানে শনিবার মেজর লিগ সকারে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে খেলবে মেসির ক্লাব ইন্টার মায়ামি।



