রিয়ালের অনুশীলনে সবাইকে চমকে দিলেন মরিনহো

সংগৃহীত ছবি
রিয়াল মাদ্রিদের অনুশীলনে নতুন প্রযুক্তির ব্যবহার করে সবাইকে চমকে দিয়েছেন কোচ হোসে মরিনহো। ক্লাবের ভালদেবেবাস অনুশীলন কেন্দ্রে প্রথম দলের অনুশীলন মাঠের পাশে বসানো হয়েছে বিশাল একটি পর্দা। মাঠ নম্বর ১ ও ২-এর পাশে রাখা এই পর্দাটি প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়।
অনুশীলনের মাঝপথে কোনো ভুল চোখে পড়লেই খেলা থামিয়ে ওই পর্দায় নির্দিষ্ট মুহূর্তের ছবি দেখিয়ে খেলোয়াড়দের ভুল বোঝাতে পারছেন মরিনহো। ফলে মাঠেই তাৎক্ষণিকভাবে শুধরে নেওয়া যাচ্ছে খেলোয়াড়দের অবস্থান ও গতিবিধি।
মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, পর্দাটি মূলত একটি আধুনিক ডিজিটাল বোর্ডের মতো কাজ করছে। এতে কৌশলগত চিত্র, দলের ফরমেশন, খেলোয়াড়দের মুভমেন্ট, নির্দিষ্ট আক্রমণ বা রক্ষণভাগের দৃশ্য এবং প্রতিপক্ষের ভিডিও ক্লিপ দেখানো যায়।
ফলে কোনো নির্দিষ্ট আক্রমণ বা মুভমেন্ট পর্দায় দেখিয়ে সেটির খুঁটিনাটি ব্যাখ্যা করার পরই খেলোয়াড়দের মাঠে তা প্রয়োগ করতে বলছেন মরিনহো। এর মাধ্যমে সভাকক্ষে বসে শুধু তাত্ত্বিক আলোচনা করার পরিবর্তে সরাসরি মাঠেই কৌশলগত বিষয়গুলো অনুশীলন করানো সম্ভব হচ্ছে।
নতুন এই পদ্ধতির মূল লক্ষ্য হলো দীর্ঘ সময় ধরে বন্ধ কক্ষে ভিডিও বিশ্লেষণের ওপর নির্ভরতা কমানো। মরিনহো ও তার কোচিং স্টাফ চান বিশ্লেষণ যেন আরও দ্রুত, সরাসরি ও খেলোয়াড়দের জন্য সহজবোধ্য হয়।
কোচিং স্টাফের বিশ্বাস যে জায়গায় ভুল হয়েছে সেখানেই সেটি দেখিয়ে সংশোধনের নির্দেশনা দিলে খেলোয়াড়েরা দ্রুত তা বুঝতে পারেন। পাশাপাশি পুরো অনুশীলনেও মনোযোগ ধরে রাখা সহজ হয়।রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরাও মরিনহোর এই নতুন পদ্ধতিকে ইতিবাচকভাবে নিয়েছেন। মাঠে সরাসরি নির্দেশনা দেওয়ার এই পদ্ধতি দলটির প্রতিদিনের অনুশীলনকে আরো উন্নত করছে।
ডার্বির ঠিক আগের দিনই এই পরিবর্তন এসেছে। স্প্যানিশ লিগের সপ্তম রাউন্ডে বহুল প্রতীক্ষিত মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটির আগে অনুশীলনে মরিনহোর এই অভিনব পদ্ধতি তাই বাড়তি নজর কেড়েছে।



