৯ নতুন মুখ নিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে ইতালি

সংগৃহীত ছবি
টানা তিন বিশ্বকাপে খেলতে পারেনি তারা। কোচ ও ফুটবল ফেডারেশনের রদবদল নিয়েও আছে চরম অস্থিরতা। ইতালিয়ান ফুটবল যেন পড়েছে অকুল পাথারে। সেখান থেকে উদ্ধারেই আসন্ন উয়েফা নেশনস লিগের জন্য নতুন এক ইতালি স্কোয়াড ঘোষণা করলেন কোচ রবার্তো মানচিনি। অভিষেকের অপেক্ষায় থাকা ৯ ফুটবলারকে নিয়ে ৩৪ জনের স্কোয়াড সামনে আনলেন ইতালি কোচ।
২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ইতালির প্রধান কোচের দায়িত্বে ছিলেন মানচিনি। তার অধীনে ২০২০ সালে আজ্জুরিরা ইউরোও জিতেছে। দলকে সঠিক পথে ফেরাতে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে তার কাঁধেই।
ইতালি জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের মাঝে আছেন–ব্রেন্টফোর্ডের ফুলব্যাক মিকায়েল কায়োদে, মোঞ্জার ডিফেন্ডার এডি কোয়াইদো, বরুসিয়া ডর্টমুন্ডের স্যামুয়েল ইনাসিও এবং এফসি নুরেনবার্গের উইঙ্গার মোহামেদ আলি জুমা।
দলকে পুনর্গঠনের প্রক্রিয়ায় নেমে বেশ কয়েকজনকে বাদ দিয়েছেন মানচিনি। আর্জেন্টাইন বংশোদ্ভুত স্ট্রাইকার মাতেও রেতেগি তাদের অন্যতম।
এদিকে অতিরিক্ত মদ্যপানের পর গারি চালিয়ে দুর্ঘটনায় পড়া ক্যালিয়ারি ফরোয়ার্ড ড্যানিয়েল মালদিনির লাইসেন্স বাতিল হয়েছিল কিছুদিন আগে। তবুও এই ২৪ বছর বয়সী উইঙ্গারকে স্কোয়াডে রেখেছেন মানচিনি।
উয়েফা নেশন্স লিগে ইতালির অভিযান শুরু ২৫ সেপ্টেম্বর। রোমের স্তাদিও অলিম্পিকোয় প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৮ সেপ্টেম্বর তুরস্ক, ২ অক্টোবর ফ্রান্স এবং ৫ অক্টোবর আবারও তারা তুরস্কের বিপক্ষে লড়বে।



