ক্লাসিকোতে বার্সার বড় জয় দেখছেন পিকে

সংগৃহীত ছবি
এক যুগেরও বেশি সময় পর রিয়াল মাদ্রিদে ফিরেছেন জোসে মরিনহো। ক্লাবে যোগ দেওয়ার পর প্রথমবার এল ক্লাসিকোতে ডাগআউটে দাঁড়াবেন তিনি। সাবেক বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে বলছেন, রিয়ালকে বড় ব্যবধানেই হারাবে কাতালানরা।
ক্লাসিকোয় আগামী রোববার বার্সেলোনার মুখোমুখি হবে মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে লা লিগার হাইভোল্টেজ ম্যাচটি।
মরিনহোর প্রথম মেয়াদের তিন মৌসুমে অবিশ্বাস্যভাবে ১৭টি ক্লাসিকো খেলেছিল রিয়াল। এমনকি ওই সময় ১৮ দিনের মধ্যে চারবার বার্সেলোনার মুখোমুখি হয়েছিল তারা।
মরিনহোর অধীনে পাঁচটি ক্লাসিকোতে জয় পায় রিয়াল। ছয়টিতে পায় পরাজয়ের তেতো স্বাদ। আর বাকি ছয়টি হয় ড্র।
১৭ ক্লাসিকোর মধ্যে সবচেয়ে রিয়াল বড় পরাজয়ের স্বাদ পেয়েছিল ২০১০ সালের নভেম্বরে। ক্যাম্প ন্যুতে সেদিন ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল মাদ্রিদের দলটি। সেটি ছিল ক্লাব্র দায়িত্বে বার্সেলোনার বিপক্ষে মরিনহোর প্রথম ম্যাচ। ওই লড়াইয়ে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন পিকে।
সেই পিকেই বলছেন, দ্বিতীয় মেয়াদের প্রথম ক্লাসিকোতেও বড় হার নিয়ে মাঠ ছাড়বেন মরিনহো, ‘মরিনহো প্রথমবার ন্যু ক্যাম্পে গিয়ে ৫-০ গোলে হেরেছিলেন। এবার মনে হচ্ছে তারা ৪-১ গোলে হারবে।'
লা লিগায় ৯ ম্যাচের সব কয়টি জিতে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ছয় পয়েন্ট কম নিয়ে তিনে রিয়াল।



