আর্সেনাল ছেড়ে আল-হিলালে যাচ্ছেন মার্তিনেল্লি

সংগৃহীত ছবি
গাব্রিয়েল মার্তিনেল্লিকে নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। আর্সেনালের ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে নিতে সমঝোতায় পৌঁছেছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল।
দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, বোনাসসহ ৬ কোটি ৫০ লাখ ইউরোর বেশি অর্থে মার্তিনেল্লিকে দলে নিতে আর্সেনালের সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছে আল-হিলাল।
রোমানোর তথ্য অনুযায়ী, আল-হিলালের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করবেন মার্তিনেল্লি। দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সৌদি আরবে যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর আল-হিলাল আনুষ্ঠানিকভাবে তার দলবদলের ঘোষণা দেবে।
চলতি দলবদলের মৌসুমে আক্রমণভাগ ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবেই মার্তিনেল্লিকে দলে আনছে আল-হিলাল। এর আগে অ্যাস্টন ভিলা থেকে ইংল্যান্ডের স্ট্রাইকার অলি ওয়াটকিন্সকেও দলে নেওয়ার চুক্তি করেছে ক্লাবটি।
সৌদি আরবে পা রাখার অপেক্ষায় থাকা মার্তিনেল্লির সামনে এখন ক্যারিয়ারের নতুন অধ্যায়। আল-হিলালের জার্সিতে নতুন মৌসুমে কোচ সিমোনে ইনজাঘির অন্যতম বড় অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি।







