ফ্রান্স-ইতালির ড্র, ডি ব্রুইনার ২০০

সংগৃহীত ছবি
সেন্ত-দেনিসের স্তাদ দ্য ফ্রান্সে উপভোগ্য ম্যাচই উপহার দিল ফ্রান্স-ইতালি। শেষ পর্যন্ত জমজমাট ম্যাচটা ড্র হয় ১-১ গোলে।
মাইকেল ওলিসে ফ্রান্সকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান আলেস্সান্দ্রো বাস্তোনি। উয়েফা নেশনস লিগে টানা দুই জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল ফ্রান্স।
ফল
ফ্রান্স ১ : ১ ইতালি
বেলজিয়াম ৩ : ০ তুরস্ক
গ্রুপের আরেক ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইনা। অপর গোলটি রোমেলু লুকাকুর। ক্লাব ও জাতীয় দলের হয়ে ডি ব্রুইনা পা রাখলেন ২০০ গোলের মাইলফলকে। জাতীয় দলের হয়ে ডে ব্রুইনের মোট গোল হলো ৪০টি। অন্য গোলগুলো ক্লাবের হয়ে।
তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষেই আছে ফ্রান্স। বেলজিয়াম ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৪ পয়েন্ট নিয়ে তিনে ইতালি। তুরস্কের পয়েন্ট ০।
ইতালির পোস্টে ১৮টি শট নিয়ে আটটি লক্ষ্যে রেখেছিল ফ্রান্স। ইতালির ১৪ শটের দুটি লক্ষ্যে ছিল। ৭টি সেভ করে ইতালির ত্রাতা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। আগের ম্যাচে গোল করে ফ্রান্সকে জিতিয়েছিলেন ওলিসে।
সেন্ত-দেনিসের স্তাদ দ্য ফ্রান্সে ৫৫ মিনিটে গোল করেন তিনিই। ফ্রি কিক থেকে শেরকি বল বাড়িয়ে দেন ওলিসেকে। তার বাঁ পায়ের শট ক্রসবারে লেগে জড়ায় জালে। ৬৮ মিনিটে সমতা ফেরায় ইতালি।
আদ্রিয়াঁ রাবিওর পাস থেকে লুকাস দা কুনহার ভুলে বল পান বাস্তোনি। সেই বল নিয়ে এগিয়ে করা শটে ফরাসিদের বুক ভাঙেন তিনি।
৮৫ মিনিটে দায়েত উপামেকানো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের ফ্রান্সের বিপক্ষে আর গোল পায়নি ইতালি।



