টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ
নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষে ফিরল বাংলাদেশ

টানা তিন জয়ের পর গত ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ালেন তারা। ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বাংলাদেশ এইচপি দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। শূন্য রানেই ফেরেন ওপেনার জিসান আলম। এরপর ৪৮ রানের জুটি গড়েন হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম। ২৬ রানে সোহান ফিরলে ভাঙে জুটি। অধিনায়ক ইরফান শুক্কুর ফেরেন ৩ রানে।
চতুর্থ উইকেটে আরিফুল-সাব্বির জুটি দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দেন। ৭ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৭১ রান করেছেন আরিফুল। ঝড় উঠেছে সাব্বিরের ব্যাটেও। ৬ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। ২০ ওভারে বাংলাদেশ তোলে ৫ উইকেটে ১৮১ রান।
রান তাড়া করতে ব্যাটিংয়ে নেমে রিপন মণ্ডল ও রাকিবুল হাসানের দারুণ বোলিংয়ে ৮ উইকেটে ১৫৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। রিপন ও রাইকবুল দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট।
এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ।







