একাই লড়াই করলেন হৃদয়, বাংলাদেশের সংগ্রহ ১০৯

ফাইল ছবি
অস্ট্রেলিয়ার কাছে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে এরই মধ্যে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। রবিবার শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা বেশি সুবিধা করতে পারেনি। তাওহিদ হৃদয়ের দারুণ এক হাফ সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে ১০৯ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।
ইনিংসের দ্বিতীয় ওভারেই রান-আউট হয়ে যান ২ বলে ৫ রান করা তানজিদ হাসান তামিম। এরপর স্পেনসার জনসনের করা পঞ্চম ওভারের পঞ্চম বলে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে মার্শের হাতে ধরা পড়েন অপর ওপেনার সাইফ হাসান। দুই ওপেনার ফেরার পর শেষ ৩ ওভারে বাংলাদেশ করেছে মাত্র ৪ রান। নাথান এলিসের বলে ক্যাচ তুলে দেওয়া পারভেজ আউট হয়েছেন ১৩ বলে মাত্র ১ রান করে।
উইকেটে এসে প্রথম বলেই বাউন্ডারি মারেন নুরুল হাসান সোহান। এর মাধ্যমে ২৫ বল পর কোনো বাউন্ডারি পেল বাংলাদেশ। তবে সেই সোহানের ইনিংসও দুই অঙ্কে যেতে পারেনি। ৮ বলে ৬ রান করে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে গেছেন। ৮ ওভারে ৪ উইকেটে মাত্র ৩৪ রান তোলে বাংলাদেশ।
ইনিংসের শেষটাও ভালো হয়নি বাংলাদেশের। এক তাওহিদ হৃদয় একপ্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে গেছেন। ৫১ বলে ৬১ করেছেন হৃদয়, শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন দলের অধিনায়ক। ১৪ বলে ১৬ রান করেছেন রিশাদ হোসেন। অজিদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন এলিস, জাম্পা ও জনসন।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন (উইকেটরক্ষক), তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ।




