এশিয়া কাপ রাইজিং স্টার্স
চ্যাম্পিয়ন হওয়ার মিশন বাংলাদেশের

সংগৃহীত ছবি
গত আসরে ইমার্জিং এশিয়া কাপ ফাইনালে সুপার ওভারে পাকিস্তানের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। সেই স্মৃতি পেছনে ফেলে নতুন উদ্যমে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১২টায় হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ছেলেদের এশিয়া কাপ রাইজিং স্টারস (ইমার্জিং এশিয়া কাপ) ২০২৬-এর মিশন শুরু করতে যাচ্ছে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
এই টুর্নামেন্টে বাংলাদেশের অতীত ইতিহাস বেশ সমৃদ্ধ হলেও শিরোপা ছোঁয়ার আক্ষেপ এখনো ঘোচেনি। ২০১৯ সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে হেরে প্রথমবার এবং গত আসরের (২০২৫) সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে সুপার ওভারে হেরে দ্বিতীয়বার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগারদের।
এবার সেই অধরা ট্রফি ঘরে তুলতে মরিয়া বিসিবি। বয়সভিত্তিক বা একেবারে নতুন মুখের পরিবর্তে জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে। মূল জাতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলায় একদম নিয়মিত একাদশের তারকারা এই দলে নেই, তবুও ১৫ সদস্যের দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারের ছড়াছড়ি।
অধিনায়ক সাইফ হাসান ছাড়াও দলে আছেন সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন দিপু।
ভারত-পাকিস্তানও তাদের ‘এ’ দল পাঠিয়েছে। এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দল নেওয়ার বাধ্যবাধকতা না থাকায় প্রায় সব দলই জাতীয় দলের তারকাদের ভিড়িয়েছে। বিশেষ করে ভারত এবার তিলক ভার্মার নেতৃত্বে রিংকু সিং, অভিষেক শর্মা, রজত পাতিদার ও পেসার হর্ষিত রানার মতো জাতীয় দলের নিয়মিত ও আইপিএল মাতানো তারকাদের নিয়ে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল পাঠিয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ‘এ’ দলে আবদুল সামাদ, হায়দার আলী ও মোহাম্মদ হাসনাইনকে রেখেছে এবং শ্রীলঙ্কা ‘এ’ দলেও রয়েছেন জনিথ লিয়ানাগে ও নিশান মাদুশকার মতো পরীক্ষিত পারফরমাররা।
সব মিলিয়ে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া এই বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল হলেও পথটা মোটেও সহজ নয়। গ্রুপ ‘এ’-তে হংকং, আফগানিস্তান ‘এ’ (২১ নভেম্বর) ও শ্রীলঙ্কা ‘এ’ (২৩ নভেম্বর) দলের বিপক্ষে তুলনামূলক সহজ সমীকরণ পেরিয়ে সেমিফাইনালে ওঠার দারুণ সুযোগ রয়েছে সাইফ হাসানের দলের সামনে। তবে শিরোপা জিততে হলে নকআউট পর্বে (সেমিফাইনাল বা ২৯ নভেম্বরের ফাইনালে) রিংকু-তিলকদের নিয়ে গড়া শক্তিশালী ভারত ‘এ’ কিংবা বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ‘এ’-এর মতো বড় বাধা টপকানোই হবে টাইগারদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।




